রোহিঙ্গা গণহত্যার রায়
জোর কূটনৈতিক তৎপরতা কাম্য
সম্পাদকীয়
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালাইয়াছে বলিয়া বৃহস্পতিবার যে রায় দিয়াছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাহাকে আমরা স্বাগত জানাই। সাত বৎসর ধরিয়া বিচারিক প্রক্রিয়া চলিবার পর এই রায় ঘোষিত হইয়াছে; তাই ইহাকে বহুল প্রতীক্ষিত রায়ও বলা যায়। আমরা জানি, ২০১৭ সালে দেশটির রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করিয়া বাংলাদেশে আশ্রয় লইতে বাধ্য হয়। ওই বৎসর রাখাইনের তুলাতলি গ্রামে পরিচালিত গণহত্যার ভয়াবহ চিত্র স্যাটেলাইট ছবি ও মানবাধিকার তদন্তকারীদের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছিল। সেখানে বেসামরিক মানুষকে সারিবদ্ধভাবে গুলি করিয়া হত্যা, গণকবর দেওয়া এবং শিশুদের নদীতে ডুবাইয়া মারিবার ঘটনা ঘটিয়াছে। ২০১৭ সালের পূর্বেও একাধিকবার শাসক ও সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে বাংলাদেশে এহেন রোহিঙ্গা ঢল নামিয়াছিল। ফলস্বরূপ, বর্তমানে কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরের শরণার্থী শিবিরগুলিতে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করিতেছে। এই সকল কিছুর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে রোহিঙ্গাদের পক্ষে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিগত নিধনের মামলাটি করিয়াছিল, যেক্ষেত্রে বাংলাদেশ বরাবরই সর্বাত্মক সহযোগিতা করিয়াছে। সেই হিসাবে এই রায় শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নহে বাংলাদেশের জন্যও এক স্বস্তির বিষয়। শুক্রবার প্রকাশিত সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমার জাতিগত নিধন চালাইয়াছে বলে মত দিয়াছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, রাখাইনে বর্তমানে যে ছয় লক্ষের কম রোহিঙ্গা রহিয়াছে, এই রায় তাহাদেরও জন্য একপ্রকার রক্ষাকবচ হিসাবে কাজ করিবে বলা যায়।
রায়ে মিয়ানমারকে দুইটি প্রধান নির্দেশ দেওয়া হইয়াছে। প্রথমত, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বীয় বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করিতে হইবে। পাশাপাশি বিচ্ছিন্ন পরিবারসমূহকে একত্র করিবার সুযোগ দিতে হইবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবে, যাহার পরিমাণ ও ধরন আদালতের পরবর্তী তারিখে নির্ধারিত হইবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সংঘটিত নাৎসি হলোকাস্টের পর এইবারসহ চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতে জেনোসাইডের আইনি মানদণ্ড প্রমাণিত হইলো। তবে কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করিবার ঘটনা ১৯৪৫ সালে জাতিসংঘের অধীনে প্রতিষ্ঠিত বিশ্ব আদালতের ইতিহাসে ইহাই প্রথম। আদালত স্পষ্ট জানাইয়াছেন–এই রায় চূড়ান্ত, ইহার বিরুদ্ধে আপিল করিবার সুযোগ নাই। বিশ্বের অন্যান্য অঞ্চলেও যে অনুরূপ জাতিগত নিধনযজ্ঞ চলিতেছে, এই রায় সেই সকল নিপীড়িত রাষ্ট্রের জন্যও সতর্কবার্তা উচ্চারণ করিল। আমরা জানি, বিশেষত মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে ইসরায়েল গত কয়েক দশক যাবৎ যে হত্যাযজ্ঞ ও জেনোসাইড চালাইয়া যাইতেছে, সেই বিষয়টিও এখন আইসিজেতে বিচারাধীন রহিয়াছে। ইতোমধ্যে আইসিজে উক্ত ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক অন্তর্বর্তীকালীন আদেশও দিয়াছেন। মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের কর্মী ম্যাথু স্মিথ বলিয়াছেন, এই রায় জাতিগত নিধনের অপরাধী ও পরিকল্পনাকারীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি বিচারের সম্মুখীন করিবার প্রচেষ্টাকে আরও জোরালো করিবে। গাম্বিয়ার প্রধান আইনজীবী ও আইনি প্রতিষ্ঠান ফোলি হোগের অংশীদার আরসালান সুলেমানের মতে, জবাবদিহি নিশ্চিত করিবার পথে এই রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উভয় বক্তব্যই ইসরায়েলের শাসকগোষ্ঠীরও জন্য প্রযোজ্য।
বিশেষজ্ঞদের মতে, আইনিভাবে এই রায় মানিয়া চলিতে মিয়ানমার বাধ্য, যদিও আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগের ক্ষমতা নাই বিধায় রায়ের বাস্তবায়ন সম্পর্কে নিশ্চিত করিয়া বলা যায় না। নিয়ম অনুযায়ী, মিয়ানমার রায়টি অমান্য করিলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানানোর পথ খোলা থাকে। নিরাপত্তা পরিষদ তখন মিয়ানমারের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ লইতে পারে। যেহেতু মিয়ানমার সরকার ইতোমধ্যে রায়টি প্রত্যাখ্যান করিয়াছে, রায়ের বাস্তবায়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর নির্ভর করিতেছে বলা যায়। এই ক্ষেত্রে, শুধু মিয়ানমার সরকারের প্রতি আহ্বান না জানাইয়া, বাংলাদেশ সরকারের উচিত নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতা পরিচালনা করা।
- বিষয় :
- সম্পাদকীয়