ভবন ব্যবহারের সনদ
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হউক
সম্পাদকীয়
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ | ০৭:৩৯
| প্রিন্ট সংস্করণ
বহুতল ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণে ভবন ব্যবহার সনদ তথা ‘অকুপেন্সি সার্টিফিকেট’ বাধ্যতামূলক করিবার বিষয়টি ইতিবাচক। মঙ্গলবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’-এর অধীনে বিধিমালা আধুনিকায়নের মাধ্যমে ২০০৮ সালে অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ের ন্যায় গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়, যথায় ভবন ব্যবহারের পূর্বে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হইলেও উহার বাস্তবায়ন হয় নাই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের তথ্য অনুযায়ী, বিধিমালা কার্যকরের পর সংস্থাটি প্রায় ৪০ হাজার ভবন নির্মাণের অনুমোদন দিলেও তন্মধ্যে ব্যবহার সনদ লইয়াছে মাত্র ১৬২টি ভবন।
বিপুলসংখ্যক ভবন ব্যবহার করা হইলেও সেইগুলির নিরাপত্তা ও অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণের বিষয়টি যথাযথভাবে যাচাই হয় নাই। অথচ ভবন সঠিকভাবে নির্মিত হইয়াছে কিনা; উহা বসবাস বা বাণিজ্যিক ব্যবহারের জন্য নিরাপদ কিনা– নিশ্চিত করিতেই অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হয়। উহাতে নূতন করিয়া পরিষেবা সংযোগের ক্ষেত্রে এই সনদ বাধ্যতামূলক করিবার পাশাপাশি বিদ্যমান ভবনগুলির ক্ষেত্রেও নজরদারি বৃদ্ধি করা জরুরি।
ইতিবাচক বিষয় হইল, সরকার এই ক্ষেত্রে উদ্যোগী হইয়াছে। নূতন ভবনে বিদ্যুৎ-পানির সংযোগে অকুপেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক করিবার বিষয়টি প্রশাসন চিন্তা করিতেছে, যথায় ভবন নির্মাণ-সংক্রান্ত আইন লঙ্ঘনের শাস্তি ও জরিমানার পরিমাণ বৃদ্ধি করিবারও উদ্যোগ লওয়া হইয়াছে। নিয়ম না মানিয়া পরিষেবা সংযোগ দিবার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং বিদ্যমান ভবন নির্মাণ-সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে এমনকি কারাদণ্ডের যেই প্রস্তাব করা হইয়াছে, সেইগুলি বিবেচনা করা যাইতে পারে।
আমরা দেখিয়াছি, রাজধানী ঢাকায় একাদিক্রমে বহুতল ভবন গড়িয়া উঠিতেছে। আবাসিক ভবনের অনুমোদন লইয়া কোথাও উঠিয়াছে বাণিজ্যিক প্রতিষ্ঠান; কোথাও নকশার ব্যত্যয় ঘটাইয়া ভবন নির্মাণ করা হইতেছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ কিংবা পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা জরুরি হইলেও উহা যথাযথরূপে নিশ্চিত করা হয় নাই। অকুপেন্সি সনদ এই কারণেই জরুরি। রাজধানীতে এই বিধানের কার্যকর প্রয়োগ সেইভাবে নাই বলিয়াই ইহার ব্যবহার সনদ ব্যতিরেকেই মিলিতেছে বিদ্যুৎ ও পানির ন্যায় জরুরি পরিষেবা সংযোগ।
রাজধানীর বহুতল ভবনসমূহের বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিতকরণে ভবনের সামগ্রিক নিরাপত্তা ও কাঠামোগত সুরক্ষা প্রয়োজন। কোনো ভবন বসবাসের জন্য কিংবা বাণিজ্যিক ব্যবহারের জন্য সম্পূর্ণ উপযোগী কিনা, উহা যাচাই করিবার বিষয়টি নাগরিক নিরাপত্তার স্বার্থেই জরুরি। ভবনে অগ্নিনির্বাপণ উপরকণ ও কাঠামো পর্যাপ্ত এবং কার্যকর রহিয়াছে কিনা, তাহা দেখাও ইহার অংশ। ফায়ার সার্ভিসের গাড়ি সহজে প্রবেশ করিতে পারিবে কিনা– উক্ত বিষয় যাচাই কার্যও অবহেলার নহে।
যেই সকল ভবন ইতোমধ্যে সনদ ব্যতীত চালু রহিয়াছে, সেইগুলি চিহ্নিত করিয়া যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তৎসহিত রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালনে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হইতে হইবে, যাহাতে দুর্নীতির কারণে কোনো ভবন নিয়মবহির্ভূতভাবে গড়িয়া উঠিতে না পারে।
ইতিপূর্বে আমরা দেখিয়াছি, রাজধানীর একাধিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ হতাহত হইয়াছে। পরে দেখা গিয়াছে, সেই সকল ভবনের যথাযথ অনুমোদনই ছিল না। কোথাও অগ্নিপ্রতিরোধ ব্যবস্থায় ঘাটতি, আবার কোথাও ভবনের নকশায় ত্রুটি দেখা গিয়াছিল। তজ্জন্য ভবনের নকশা অনুমোদন এবং ভবন নির্মাণের পর বিদ্যুৎ ও পানির সংযোগের ক্ষেত্রে সরকার নূতন যেই সকল শর্ত আরোপের পরিকল্পনা করিয়াছে, উহা নাগরিকের নিরাপত্তার স্বার্থেই জরুরি। তবে শুধু আইন প্রণয়ন করিলেই হইবে না, উহা বাস্তবায়নের মধ্যেই রহিয়াছে সকল সফলতা।
- বিষয় :
- সম্পাদকীয়