ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

রাজনীতি

সহিংসতায় নাহি সমাধান

সহিংসতায় নাহি সমাধান
×
×

সম্পাদকীয়

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং উহার অঙ্গসংগঠনের কর্মসূচি ঘিরিয়া সপ্তাহাধিককাল ধরিয়া দেশব্যাপী যেই সংঘাত ও সহিংসতা চলিতেছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। বিশেষত গোপালগঞ্জ জিলায় সংগঠনটি একাধিক থানা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করিয়াছে; স্থানীয় তিনজন সংসদ সদস্যের বাসগৃহে অগ্নিসংযোগ করিয়াছে; সমগ্র দেশে ক্ষমতাসীন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের কার্যালয়, বিভিন্ন স্থাপনা, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করিয়াছে। এমনকি ফরিদপুর ও নড়াইলে আওয়ামী লীগকর্মীদের হামলায় বিএনপির অন্তত তিনজন নেতাকর্মী নিহত হইয়াছেন। বিপরীতে সরকারি দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতার বাসগৃহও ভাঙচুর ও অগ্নিসংযোগ করিয়াছে। তাহারা বিভিন্ন জায়গায় মব করিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়া পুলিশে সোপর্দ করিয়াছে। এতদ্ব্যতীত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়াছে। রাজনীতির নামে এইরূপ সহিংসতা নিঃসন্দেহে নিন্দনীয়।

স্বীকার্য, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর হইতেই দেশে রাজনৈতিক সহিংসতা চলিয়া আসিতেছিল। বিশেষত অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রায় সর্বব্যপ্ত মব সন্ত্রাস এবং পাইকারি হারে হত্যা মামলা স্থিতিশীলতার পরিবর্তে অস্থিতিশীলতাকে সতেজ রাখিয়াছিল। আমরা প্রত্যাশা করিয়াছিলাম, নির্বাচিত সরকারের সময় রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়া আসিবে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির মধ্য দিয়া পরিস্থিতির অবনতির আশঙ্কাই দেখা দিয়াছে। নাগরিক নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সচলতার জন্যই এহেন সহিংসতা আর চলিতে পারে না।

অস্বীকার করা যাইবে না, নিয়মতান্ত্রিক আন্দোলনের পরিবর্তে আওয়ামী লীগ যেইভাবে সহিংসতার পথ বাছিয়া লইয়াছে, উহা দলটির প্রতি জনসাধারণের সমর্থনকেই হ্রাস করিবে। কারণ রাজনৈতিক সহিংসতা এই দেশে অনেক বৎসর যাবৎ পরিত্যাজ্য বলিয়া বিবেচিত হইতেছে। গত কয়েক দশকে এইরূপ কর্মসূচি বারংবার ব্যর্থই হইয়াছে। আবার সরকার ও ক্ষমতাসীন মহলকেও বুঝিতে হইবে, আওয়ামী লীগের ন্যায় বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে অধিক দিন নিষিদ্ধ রাখা সহজ হইব না। ইহা সত্য, চব্বিশের গণঅভ্যুত্থানে দলটির নিদারুণ পতন ঘটিয়াছে। চলতি বৎসরের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীতই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইয়াছে। কিন্তু এখনও দেশের বিপুলসংখ্যক নাগরিক দলটির কর্মী ও সমর্থকরূপে রহিয়াছে। যদিও আওয়ামী লীগ নেতৃত্ব তাহাদের শাসনামলে সংঘটিত হত্যা, গুম ও অন্যান্য অপরাধের জন্য প্রত্যাশিত অনুশোচনা প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনা করে নাই। কিন্তু দলটির যেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ নাই, তাহাদের রাজনৈতিক অধিকার খর্ব করা উচিত হইবে না। দলটির অনেক নেতাকর্মী যেইভাবে বিনা বিচারে কারান্তরীণ, উহাও গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য হইতে পারে না।

আমরা মনে করি, আওয়ামী লীগের যদ্রূপ অনুশোচনা ও উপলব্ধি প্রয়োজন, সরকারেরও তদ্রূপ দলটির নিরপরাধ নেতাকর্মীর জন্য রাজনৈতিক পরিসর উন্মুক্ত করিয়া দেওয়া উচিত। যাহারা হত্যা, গুম, লুণ্ঠনে সংশ্লিষ্ট, তাহাদের বিচার নিশ্চয়ই হইতে হইবে। কিন্তু দলটির ভবিষ্যৎ জনরায়ের উপর ছাড়িয়া দেওয়াই উত্তম। বিশেষত, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটিকে বুঝিতে হইবে, নাশকতা কিংবা সহিংসতায় সমাধান নাই। ইহাও সত্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখিতে সরকারের নিকট সহিংসতা দমনের বিকল্প নাই। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখাও জরুরি। যেই হউক, কেবল অপরাধ করিলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। কিন্তু দলীয় পরিচয়ের কারণে নিরপরাধ কাউকে হয়রানি করা কিংবা গণহারে মামলা দেওয়া চলিবে না। অভিজ্ঞতা বলিয়া দেয়, প্রতিপক্ষকে দমন করিবার হাতিয়ার হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করিলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। বরং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করিয়া দ্রুত বিচারের মুখোমুখি করাই সরকারের দায়িত্ব।

আরও পড়ুন

×