ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির উদ্যোগে আশুলিয়ায় নতুন সড়কের উদ্বোধন

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির উদ্যোগে আশুলিয়ায় নতুন সড়কের উদ্বোধন
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৯:৩৯

আশুলিয়াকে আধুনিক ও যোগাযোগ-সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের পথে নতুন মাত্রা যোগ করেছে দেওয়ান বাড়ি–কাকাবো–দত্তপাড়া-ডিএসসি সড়কের উন্নয়ন। ড্যাফোডিল স্মার্ট সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়নের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি বরাদ্দ ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক চালুর ফলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, প্রক্টর ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই সড়কের উন্নয়ন শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, এটি আশুলিয়ার মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গেও সম্পৃক্ত। উন্নত যোগাযোগ ব্যবস্থা শিক্ষা, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগকে আরও সম্প্রসারিত করে।

তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বেসরকারি খাতের দায়িত্বশীল অংশগ্রহণ একটি অঞ্চলের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্যাফোডিল স্মার্ট সিটির মতো উদ্যোগ আশুলিয়ার উন্নয়নকে আরও গতিশীল করছে।

স্থানীয়দের মতে, নতুন সড়ক চালুর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কর্মস্থল ও বিভিন্ন সেবাকেন্দ্রে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। একই সঙ্গে পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় সেবা খাতেও নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল স্মার্ট সিটির লক্ষ্য শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই নগরায়ণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট কমিউনিটি গড়ে তোলা।

তিনি আরও বলেন, শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় জনগণের অংশগ্রহণকে একত্র করে একটি অঞ্চলকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। আশুলিয়াকে একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে ড্যাফোডিল স্মার্ট সিটি ধারাবাহিকভাবে কাজ করছে।

বক্তারা জানান, এই সড়কের উন্নয়ন আশুলিয়ায় পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি শিক্ষা, কর্মসংস্থান ও টেকসই নগর উন্নয়নের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক হবে।

আরও পড়ুন

×