ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকদের শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার সূচি পুনর্বিবেচনা হতে পারে

এসএসসি পরীক্ষার সূচি পুনর্বিবেচনা হতে পারে
×

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০২:২৪ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৮:০০

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সূচি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী বছরের ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। তাই প্রয়োজন হলে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই অংশীজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে আসছে। ভবিষ্যতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জনমত ও সংশ্লিষ্টদের মতামত জানতে আবারও আলোচনা হতে পারে। মূলত রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়েই এসএসসি পরীক্ষা এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। 

তিনি বলেন, অনেকেই এখন মত দিচ্ছেন– রমজানের পরে পরীক্ষা শেষ করা যেতে পারে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলেবাস শেষ না করে কোনো অবস্থাতেই পরীক্ষা নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নির্ধারিত পাঠ্যসূচি সম্পন্ন করা বাধ্যতামূলক। সম্ভাব্য সূচি অনুযায়ী যথাসময়ে সিলেবাস সম্পন্ন করা হবে। পরীক্ষার প্রস্তুতিতেও কোনো ঘাটতি থাকবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীকেও অবগত করা হয়েছে। 

সেশনজট কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমাদের দেশে ১৬ বছরের শিক্ষাজীবন প্রায়ই ১৭ বছরে এবং ১৭ বছরের শিক্ষা ২০ বছরে গিয়ে শেষ হচ্ছে। এই সময় ক্ষয় কমিয়ে আনতে হবে। সরকারের লক্ষ্য শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার পাশাপাশি শিক্ষার্থীর শিক্ষাজীবনে অপ্রয়োজনীয় বিলম্ব কমিয়ে আনা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত যথাযথ গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর নানা মন্তব্য
এর আগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নানা সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। 
প্রথমে গত ২৫ এপ্রিল আগামী ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। ওই দিন শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থার সেশনজট দূর করতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, করোনা-পরবর্তী সময় ও বিভিন্ন কারণে পরীক্ষার সূচি পিছিয়ে যাওয়ায় তা আবার স্বাভাবিক ধারায় ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে গত ১৩ মে অংশীজনের সঙ্গে বৈঠক করে তিনি পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে মত নেন। পরের দিন গত ১৪ মে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন– ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ জানুয়ারি। সেদিন তিনি জানান, পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এ ছাড়া ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন ২০২৭ থেকে শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।

গতকাল ফের শিক্ষামন্ত্রী জানালেন, এসএসসি পরীক্ষার সূচি পুনর্বিবেচনা হতে পারে।

আরও পড়ুন

×