প্রাথমিক বৃত্তি
ফল প্রকাশের আগেই ফাঁসের অভিযোগ
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৮:৩৪ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ০৯:৫৪
| প্রিন্ট সংস্করণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসতেই বিভিন্ন জেলা ও উপজেলাভিত্তিক ফলাফলের পিডিএফ এবং স্ক্রিনশট ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়া ফলাফল প্রকৃত কিনা, সে বিষয়ে অধিদপ্তরও বক্তব্য দেয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী অধিদপ্তর ফল প্রস্তুতও করে। গতকাল প্রকাশের নির্ধারিত দিনে কারিগরি জটিলতার কথা জানিয়ে ফল প্রকাশ স্থগিত করা হয়। নতুন করে আগামী ১২ জুলাই (রোববার) ফল প্রকাশের প্রস্তুতি চলছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী সমকালকে বলেন, বৃহস্পতিবার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত তারিখ নির্ধারণ হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবে।
অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের আগে কয়েক মিনিটের জন্য ফলাফল ওয়েবসাইটে দৃশ্যমান হয়েছিল। ওই সময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা ফলাফল দেখতে ও ডাউনলোড করতে সক্ষম হন। পরে তা সরিয়ে নেওয়া হলেও ব্যক্তিগতভাবে কেউ কেউ সেই ফল শিক্ষকদের ও অভিভাবকদের কাছে পাঠিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। এরপরই সামাজিক মাধ্যমে বিভিন্ন জেলার ফলাফল দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে ফলাফল ছড়িয়ে পড়ার ঘটনায় প্রকাশের আগেই ফল ‘ফাঁস’ হয়েছে কিনা–এমন প্রশ্ন উঠলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফল নয়। তবে এটিকে ভুল বলাও সম্ভব নয়। যারা এই ফল পেয়েছেন, তারা রোববার প্রকাশিত চূড়ান্ত ফলাফলের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হতে পারবেন।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার গতকাল বলেন, ‘আজ (বৃহস্পতিবার) কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। কে বা কারা সামাজিক মাধ্যমে কী শেয়ার করছেন, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা আগামী সপ্তাহের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করব।’
গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়।
- বিষয় :
- প্রাথমিক শিক্ষা
- শিক্ষা