জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
যুক্তি-পাল্টা যুক্তিতে খুদে তার্কিকদের জমজমাট লড়াই
রংপুর, পঞ্চগড় ও নারায়ণগঞ্জে প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ের উৎসব শুরু
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। পঞ্চগড়ে বিতর্ক শেষে তার্কিকরা। গতকাল বৃহস্পতিবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৫
| প্রিন্ট সংস্করণ
একপক্ষের যুক্তি– কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও মৌলিকত্বকে আলস করে তুলছে। প্রযুক্তির অতি নির্ভরতায় হারিয়ে যাচ্ছে তাদের সহজাত সৃজনশীলতা। অন্য দলের পাল্টা যুক্তি– প্রযুক্তি কখনও মেধার বিকল্প নয়, বরং এআইকে সঠিক উপায়ে ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের ভাবনার পরিধিকে আরও প্রসারিত করতে পারছে। আর এটি উন্মোচন করছে নতুন সম্ভাবনার দ্বার।
এমন যুক্তির ঝংকার আর উৎসাহ-উদ্দীপনায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে গতকাল রংপুর, নারায়ণগঞ্জ ও পঞ্চগড়ে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সনাতনী পদ্ধতিতে অনুষ্ঠিত এই বিতর্কে প্রতি জেলার ৮টি দল অংশ নেয়।
রংপুরে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
রংপুরে বিতর্ক উৎসবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা তাসফিয়াহ্ তাফান্নুম।
বিতর্কে অংশ নেওয়া অন্য দলগুলো হলো– রংপুর জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এবং ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল।
সকাল ১০টায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। অতিথি ছিলেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাংবাদিক হুমায়ুন কবির মানিক। প্রতিযোগিতায় মডারেটর ছিলেন শিক্ষক ও কৃতী বিতার্কিক মোহাম্মদ হামীম। বিচারক ছিলেন শিক্ষক শেখ ফরিদ অভি, নাছিমা হক ও স্বাধীন মিয়া।
পঞ্চগড়ে চ্যাম্পিয়ন করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন
পঞ্চগড়ে বিতর্ক প্রতিযোগিতায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন চ্যাম্পিয়ন এবং ড. আবেদা হাফিজ বালিকা স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। বিজয়ী দলের দলনেতা উম্মে হুমায়রা সেরা বক্তা নির্বাচিত হয়।
অন্য দলগুলো হলো– পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরা প্রধান পাড়া উচ্চ বিদ্যালয়, মাঘই পানিমাছ পুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আব্দুল হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং দেওয়ানহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।
সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হিরন।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গুলশান আরা। সঞ্চালনা করেন পঞ্চগড় সুহৃদ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধান।
নারায়ণগঞ্জে বিজয়ী আইডিয়াল স্কুল
নারায়ণগঞ্জে প্রতিযোগিতায় আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয় রানার্সআপ দলের মো. আবদুল্লাহ হোসাইন।
বিতর্কে অংশ নেওয়া অন্য দলগুলো হলো– বেইলি স্কুল, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, পাগলা উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
নগরীর আমলাপাড়ায় অবস্থিত আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত বিতর্কে বিচারক ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, প্রভাষক সতীন চন্দ্র হাওলাদার, সাবেক বিতার্কিক ও নাট্যকর্মী তানজিলা সামস।
বিকেলে পুরস্কার বিতরণ করেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাংলাদেশ ফ্লাওয়ার মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।
এ ছাড়া উপস্থিত ছিলেন– সাংবাদিক আহসান সাদিক শাওন, সুহৃদ সভাপতি মোজাম্মেল হোসেন লিটন প্রমুখ।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)
- বিষয় :
- জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব