জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬
বিভাগীয় পর্যায়ে বিতর্ক উৎসব শুরু আজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:৩৯
| প্রিন্ট সংস্করণ
‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’– প্রতিপাদ্যে শুরু হচ্ছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার খুলনা ও বরিশালে দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে বিভাগীয় পর্যায়ের এই আসর। উৎসাহ-উদ্দীপনা আর যুক্তি-পাল্টা যুক্তিতে মেতে উঠবে বিজ্ঞানপ্রেমী বিতার্কিকরা।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবের সহযোগী হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ২৯ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে টাইম মিডিয়া ভবনের সমকাল চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গত ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর দেশজুড়ে জেলা পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলো বিভাগীয় উৎসবে অংশগ্রহণ করছে।
এই প্রতিযোগিতায় ৬৪ জেলার ৫২০টি বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় দুই হাজার বিতার্কিক অংশ নিচ্ছে। তিন পর্বের বিতর্কে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে দেশসেরা ১৬টি দল অংশ নেবে জাতীয় পর্যায়ে চূড়ান্ত আসরে।
চূড়ান্ত পর্বের বিতর্ক ও সমাপনী অনুষ্ঠানের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ও ১৪ নভেম্বর।
- বিষয় :
- বিজ্ঞান