ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিকেলে আসছে কারিনার মরদেহ, দাফন মুন্সীগঞ্জে

বিকেলে আসছে কারিনার মরদেহ, দাফন মুন্সীগঞ্জে
×

কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৫:১৬ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৮:০৬

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রোববার ভারত থেকে দেশে আনা হচ্ছে। বিকেল পাঁচটায় কারিনার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে বলে জানান তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি জানান, রোববার বিকেলে কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে। প্রথম নামাজে জানাজা আজ বাদ মাগরিব ডিওএইচএস বনানী মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা সাড়ে ৮ টায় বনানী দরবার শরিফ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় জানাজা রাত ১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সর্বশেষ নামাজে জানাজা গজারিয়ায় (মুন্সিগঞ্জ) অনুষ্ঠিত হবে ১৮ মে সকাল ৭ টায়। এরপর পারিবারিক জমিতে কারিনার দাফন সম্পন্ন হবে।

লিভারসংক্রান্ত জটিলতায় বেশ কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। সে চেষ্টা ব্যর্থ করে গত শুক্রবার দিবাগত রাতে চলে যান না ফেরার দেশে। 

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে কিছুদিন লাইফ সাপোর্টেও রাখা হয়। 

সামাজিক মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট দিয়ে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন কারিনা। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। 
 

আরও পড়ুন

×