ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুন্সীগঞ্জে নানার বাড়ির আঙ্গিনায় কারিনার দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জে নানার বাড়ির আঙ্গিনায় কারিনার দাফন সম্পন্ন
×

ছবি-সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:৩৭ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৫:১৪

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কারিনার নানা বাড়ির আঙ্গিনায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

কারিনাকে শেষবিদায় জানাতে স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছিল। আজ ভোর থেকেই এলাকার মানুষ জড়ো হতে থাকেন। অনেকেই শেষবারের মতো একনজর দেখতে চেয়েছিলেন তাকে। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের পুরো আয়োজন সম্পন্ন হয় একেবারে ব্যক্তিগত ও পারিবারিক আবহে। সেখানে মুঠোফোন বা ক্যামেরা নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগে মরদেহ দেশে আসার পরে ঢাকায় সব আনুষ্ঠানিকতা ও কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে কারিনার মরদেহ সোমবার সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে গজারিয়ায় নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে কারিনার পরিবার ও এলাকার প্রতিবেশীদের মাঝে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ এর কারণে তার লিভার কার্যত অচল হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ তার রক্তচাপ কমে গেলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে যান কারিনা।

কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ওটিটি ও নাটকের জগতেও জায়গা তৈরি করেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। এই সিনেমায় নিজে অভিনয়ও করেছিলেন।

আরও পড়ুন

×