বন্ধুর বিয়েতে শেফালির প্রেমে পড়েন সাদ্দাম, অন্য মেয়েকে বিয়ের সিদ্ধান্ত
‘ডুব’ নাটকে মুশফিক ফারহান ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৮:৩৮
গ্রামের পুকুরে এক ডুব, আর সেই ডুব থেকেই শুরু প্রেম, ভুল বোঝাবুঝি আর হাস্যরসের গল্প। এমনই ভিন্নধর্মী এক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডুব’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
নাটকের গল্পে দেখা যাবে, সাদ্দাম নামের এক তরুণ ঢাকায় ব্যবসা করেন। বন্ধুর বিয়েতে অংশ নিতে তিনি গ্রামে আসেন। সেখানে এসে তার ভালো লেগে যায় শেফালি নামের এক মেয়েকে। কিন্তু শেফালির সঙ্গে একান্তে কথা বলার সুযোগ মিলছিল না কিছুতেই। একপর্যায়ে তাকে দেখার আশায় সাদ্দাম ডুব দেয় সেই পুকুরে, যেখানে নিয়মিত গোসল করতে আসে শেফালি।
তবে ভাগ্যের লিখন ছিল অন্যরকম। পানির নিচ থেকে মুখ তুলে সাদ্দাম দেখতে পায় আলো নামের এক তরুণীকে। ঠিক সেই মুহূর্তেই মসজিদ থেকে ফেরার পথে কয়েকজন গ্রামবাসী দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। শুরু হয় ভুল বোঝাবুঝি, আর তার জের ধরে বসে গ্রামের সালিশ।
বিচারের আসরে আলো বারবার দাবি করে, সে সাদ্দামকে চেনে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সাদ্দাম কিছুই অস্বীকার করে না। কারণ এরই মধ্যে আলোকে তার শেফালির চেয়েও বেশি ভালো লেগে গেছে। ফলে সে চায়, অভিযোগ প্রমাণিত হোক এবং তাদের বিয়েই দিয়ে দেওয়া হোক। আর সেখান থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে।
হালকা মেজাজের প্রেম, গ্রামীণ আবহ আর হাস্যরসের মিশেলে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। তাঁর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবিনা মিম ও নরেশ ভুঁইয়া।
প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, আসন্ন ঈদ উপলক্ষে সিএমভি-র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। প্রেম, ভুল বোঝাবুঝি আর গ্রামীণ হাস্যরসের এই গল্প ঈদের দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন হয়ে উঠবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
- বিষয় :
- মুশফিক আর ফারহান
- কেয়া পায়েল
