সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকির আলমগীর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৭:৩১
বাংলা আধুনিক গানে অবদানের জন্য ১৪তম 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯'-এ সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী রফিকুল আলম। পাশাপাশি গণসংগীতে অবদান রাখার জন্য ফকির আলমগীর সম্মাননা পাচ্ছেন।
বৃহস্প্রতিবার সিলেট হবিগঞ্জের দ্য প্যালেসে সন্ধ্যা ৭টায় তাদের হাতে পদক তুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও আয়োজনে মোট ১৪টি ক্যাটেগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে প্রতিবারের মতো এবারও থাকছে বিশেষ চমক।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এর ক্যাটেগরিগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র।
আয়োজক কর্তৃপক্ষ জানান, দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এর মাধ্যমে যদি সংগীত ইন্ডাস্ট্রিতে কিছুটা ভূমিকা রাখা যায়, তবেই এ আয়োজন সফল হবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে।
- বিষয় :
- সংগীতশিল্পী রফিকুল আলম
- ফকির আলমগীর
