ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

'ফরীদি মন্দ লুকিয়ে বাহবা পেতে চায়নি কখনও'

'ফরীদি মন্দ লুকিয়ে বাহবা পেতে চায়নি কখনও'
×

রাইসুল ইসলাম আসাদ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:০৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫৭

আজ ১৩ ফেব্রুয়ারি কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির অষ্টম মৃত্যুবার্ষিকী। অবিস্মরণীয় এই অভিনেতার প্রতি নন্দনের শ্রদ্ধাঞ্জলি। তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার সহকর্মী-

সে আমার বন্ধু ছিল। তবে তার চেয়ে বেশি উপযুক্ত, আমাকে সে নিজ গুণে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। আমাদের পরিচয়ে মিল থাকুক, চলায়-বলায় এতটুকু মিলও ছিল না। যদি হিসাবে বসি, কেন আমরা বন্ধু ছিলাম, কারণ খুঁজে পাই না। তার ও আমার পছন্দ-অপছন্দের তফাত ছিল। আমি তার মতো ঝড়ো ছিলাম না। তার মতো বেয়াড়া হওয়ার সাধ্য আমার ছিল না। সে অদ্ভুত বেয়াড়াপনা; অনেকের কাছে ছিল কৌতুকময়, আনন্দের। একই সঙ্গে অনেকের জন্য তা ছিল বিপজ্জনক ও বিব্রতকর।

বড় অভিনেতা ছিল মঞ্চে এবং পর্দায়। প্রাত্যহিক জীবনে সবাইকে কমবেশি অভিনয় করতে হয়, সে ধার ফরীদি কখনও ধারেনি। ধারেনি বলেই তার পেছনে মানুষ কথা চালাচালি করেছে, সামনে ভীত থেকেছে। ভালোত্ব জাহিরের আগ্রহ প্রবল থাকে মানুষের। ফরীদি মন্দ লুকিয়ে বাহবা পেতে চায়নি কখনও। ভালো-মন্দে মেলানো সাধারণ, পছন্দের মানুষ বা বিষয়ের প্রতি অনুভূতি ছিল নিখাদ। তাই অসাধারণ মানুষ ও বন্ধু ছিল হুমায়ুন ফরীদি। অভিনয় ছাড়া জীবনে কিছু করতে চায়নি। চারদিকে নৈরাশ্য, তবু কখনও আশা ছাড়তে দেখিনি। আশায় আশায় আয়ু ফুরিয়ে গেল। অসাধারণ একজন অভিনেতার জন্ম হয়েছিল। এমনই দুর্ভাগ্য, গিজগিজ করা অতি সাধারণের ডোবায় খাবি খেতে খেতে তলিয়ে যেতে হলো। ডোবার হাঁটু জলে জীবনপাত হয়ে গেল, সহস্র পদ্মে হাসি ভাসানো একটা দিঘি বা একটা পুকুরও সবাই মিলে কাটতে পারিনি। সহ-অভিনেতা হিসেবে বলব, ফরীদি যে কোনো চরিত্রে সহজেই ঢুকে যেতে পারত। 'ছায়ারঞ্জন' বা 'কেরামত' চরিত্র দুটি যেন তাকে বিবেচনা করেই তৈরি হয়েছিল। অভিনয়ের সময় ফরীদিকে যেন চরিত্রের বাইরে ভাবানো যেত না।

এতটাই সিরিয়াস পারফরমার ছিল সে। একইভাবে 'ধূর্ত উই' নাটকের উইসহ মঞ্চের অন্যান্য চরিত্রে তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছে। সে জানত একটা ডায়ালগ কতভাবে বলা যায়, চরিত্র নিয়ে কতভাবে ভাবা যায়। ঢাকা থিয়েটারের একজন কর্মী, সহকর্মী হিসেবে আমার দুঃখ এই যে, হুমায়ুন ফরীদির মতো একজন অভিনেতা মঞ্চ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফরীদি আরও কিছুদিন কাজ করলে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম।

 হুমায়ুন ফরীদি [জন্ম :২৯ মে ১৯৫২ - মৃত্যু :১৩ ফেব্রুয়ারি ২০১২] 

আরও পড়ুন

×