শহর জুড়ে ‘হৃদয় জুড়ে’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:৫১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:৫৯
বসন্ত আর ভালোবাসার দিনে ‘হৃদয় জুড়ে’ ছবির পোস্টারে মোড়ানো পিকআপ ঘুরলো রাজধানী জুড়ে। তাতে বাজলো গান, একদল ছেলে-মেয়ে সেই পিকআপে করছিলো উল্লাস।সিনেমার প্রচারণার জন্য গতকাল রাজধানীতে ঘুরে বেড়ালো সেই পিকআপ।
সিনেমার প্রচারণা সাধারণত এভাবে হয়না আজকাল। যেটা হলো ‘হৃদয় জুড়ে’ ছবির বেলায়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে গতকাল ভলোবাসা দিবস ও ফাল্গুনের দিনে শহর জুড়ে শোডাউড দিলো ‘হৃদয় জুড়ে’ ছবির একটি বিশেষ টিম। মূলত প্রচারণার জন্যই এ শোডাউন।
পুরো পিকআপ হৃদয় জুড়ে ছবির পোস্টার দিয়ে সাজানো হয়। তাতে হৃদয় জুড়ে ছবির সদ্য প্রকাশ হওয়া গানগুলো বেজেই চলছিলো। সেই গানের সঙ্গে নাচছিলো অনেকেই। সেই পিকআপে ঘুরে ঘুরে পুরো রাজধনীতে হৃদয় জুড়ের লিফলেট বিলি করা হয়।

ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছন নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা। পরিচালনা করেছেন রফিক শিকদার। ভালোবাসা দিবসে হৃদয় জুড়ের এমন অভিনব প্রচারণার বিষয়ে সমকাল অনলাইনকে নিরব বলেন, ‘গতকাল একটা বিশেষ দিন দিলো। একই সঙ্গে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস। সেই সঙ্গে ছুটির দিন হওয়ায় প্রায় সব মানুষই বাইরে বের হয়। এ দিনটিতেই হৃদয় জুড়ে প্রচারণার কাজ শুরু করে। পুরো শহর জুড়ে পিকআপ করে ঘুরে প্রায় ৩৮ হাজার লিফলেট বিলি করা হয়।’
রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ ছবির। সে সময় নানা কারণেই আলোচনায় এসেছিলো ছবিটি। ছবিটির নায়িকা প্রিয়াঙ্কাকে পরিচালক ‘প্রেম ও বিয়ের প্রস্তাব’ দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর আবার পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন বলে থমকে যায় ছবিটির কাজ। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি।
স্টার পাইপ এন্ড প্লাস্টিক প্রেজেন্ট ‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির কর্ণধার মনির হোসেনও ২৮ তারিখে মুক্তির কথা চূড়ান্তভাবে জানান।
মৌলিক গল্পের ছবি হৃদয় জুড়ে। পরিচালক নিজেই ছবির চিত্রনাট্য করেছেন। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক রুবেল।
