ধুনটে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২১:৫৩
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, যুবদল নেতার ওপর ককটেল হামলা এবং মশাল মিছিলের অভিযোগে দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সোহানুর রহমান ওয়াসিম (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং দলীয় কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
এ ছাড়া ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি শহীদ মিনার চত্বরে মশাল মিছিল ও ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, গত ৩০ নভেম্বর উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও একটি মামলা হয়। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, তিনটি মামলার এজাহারভুক্ত আসামি সোহানুর রহমান ওয়াসিম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
