ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মুভি মোগল জাহাঙ্গীর খান আর নেই

মুভি মোগল জাহাঙ্গীর খান আর নেই
×

মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৪৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৩

বাংলাদেশের চলচ্চিত্রে সত্তর আশির দশকের কালজয়ী অনেক ছবির প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান আর নেই। শনিবার ১১ টা৩০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জাহাঙ্গীর খান। তবে বড় কোন রোগ ছিলোনা তার। বার্ধক্যজনিতা কারণে মৃত্যু হয় বলে জানান খোরশেদ আলম খসরু। 

তার মৃত্যুকে প্রযোজক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সমিতির সভাপতি বলেন, জাহাঙ্গীর সাহেব আমাদের মধ্যমনি ছিলেন। তার চলে যাওয়া মানে আমাদের অপূরণীয় ক্ষতি। যে ক্ষতি পূরণীয় নয়। আমরা প্রযোজক সমিতির পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। ওপারে তিনি ভালো থাকুন।’ 

তার মরদহে এফডিসিতে আনা হবে কিনা জানতে চাইলে খসরু বলেন, ‘জাহাঙ্গীর সাহেবের পরিবার চাচ্ছেন না এফডিসিতে আনতে। তাই আনা হচ্ছেনা।’

কে এম জাহাঙ্গীর খান ১৯৭৬ সালে চলচ্চিত্রে প্রথমে পরিবেশক ছিলেন তারপর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম আমজাদ হোসেনের পরিচালনায় ‘নয়নমনি’ নামের সিনেমা প্রযোজনা করেন।

সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করায় একের পর এক প্রযোজনা করেন ‘তুফান’, ‘বিজয়িনী সোনাভান’, ‘রূপের রাণী চোরের রাজা’, ‘রাজকন্যা’, ‘বাদল’, ‘কুদরত’, ‘আলতাবানু’, ‘সওদাগর’, ‘রাজ সিংহাসন’, ‘তিন বাহাদুর’, ‘পদ্মাবতী’, ‘সম্রাট’, ‘চন্দ্রনাথ’, ‘ডাকু মর্জিনা’, ‘সোনাই বন্ধু’, ‘রঙিন রূপবান’, ‘রঙিন রাখালবন্ধু’, ‘শুভদা’, ‘রঙিন কাঞ্চন মালা’, ‘সাগর কন্যা’,‘শীর্ষমহল’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিসকো ড্যান্সার’, ‘বাবার আদেশ’, ‘আমার মা’সহ অসংখ্য সিনেমা।

এসব সিনেমা প্রযোজনার আগে তিনি আলমগীর পিকচার্সের ব্যানারে পরিবেশনা করেন ‘যাহা বলিব সত্য বলিব’, ‘এখানে আকাশ নীল’, ‘অপবাদ’, ‘সূর্যকন্যা’, ‘কি যে করি’, ‘আলিঙ্গন’, ‘সেতু’, ‘সীমানা পেরিয়ে’, ‘মা’, ‘নোলক’ ইত্যাদি।

তার প্রযোজিত সিনেমাগুলো একটানা ২৫, ৮১, ১০৩ সপ্তাহ অর্থাৎ রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী ছুঁয়ে সগৌরবে চলেছে। তখন এ কে এম জাহাঙ্গীর খানকে চিত্রালীর সম্পাদক মরহুম আহমদ জামান চৌধুরী ‘মুভি মোগল’ উপাধিতে ভূষিত করেন। তার দেয়া এই উপাধি আজও সর্ব মহলে স্বীকৃত।

এছাড়া জাহাঙ্গীর খান বাংলাদেশের অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটক প্রযোজনা করেছেন। 

আরও পড়ুন

×