কোনালের নতুন গান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২১:১২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২১:১৪
গত বছরের শেষের দিকে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় কণ্ঠশিল্পী জিসান খান শুভর 'মেঘ' শিরোনামের গান। জিসান খান শুভর কথা-সুর আর নাভেদ পারভেজের সংগীতায়োজনে সেই গানটিই এবার গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। ধ্রুব মিউজিক স্টেশনে [ডিএমএস] এটি প্রকাশ পেয়েছে এই ভালোবাসা দিবসে। তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটির ভিডিও। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি-তে।
স্বরাজ দেবের ভিডিও পরিচালনায় ভিডিওতেও হাজির হয়েছেন কোনাল। 'মেঘ' নিয়ে কোনাল বলেন, 'মেঘে'র কথা-সুরে এত দরদ, সংগীতায়োজনটাও দারুণ হয়েছে। গানটি শুনেই গাইতে ইচ্ছা হলো। গেয়েও ফেললাম। আশা করছি, গানটিতে শ্রোতা-দর্শক নতুনত্ব পাবেন। জিসান খান শুভ অনুজ, ওর জন্য শুভকামনা থাকল।
কোনালকে কণ্ঠশিল্পী হিসেবেই চেনে মানুষ। এর বাইরে অনুষ্ঠান উপস্থাপনাও করেন। বিশেষ দিবসে চ্যানেল আইয়ের জন্য নির্মিত একাধিক অনুষ্ঠানের পরিচালক হিসেবেও দেখা গেছে তাকে। গান লিখে, সুর করেও প্রশংসা কুড়ান এই শিল্পী। অভিনয় করেছেন ইমপ্রেস টেলিছবির 'লালটিপ' ছবিতেও। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি নতুন নতুন গান প্রকাশ করছেন কোনাল।
- বিষয় :
- সঙ্গীত
- কোনাল
- কোনালের গান
- বাংলা সঙ্গীত
