মানিকগঞ্জে নাটগীত গীতনাটের মেলা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১৫
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোলাইডাংগা গ্রামে আজ শুরু হচ্ছে নাটগীত গীতনাটের মেলা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা থাকছে এ মেলায়।
এর মধ্যে থাকছে লাঠিখেলা, আদিবাসী নৃত্য, পালা নাট্য, পাপেট শো, রঙ্গ অভিনয়, মূকাভিনয়, গাজীর গান, হাস্তর গান, পালাগান ও মঞ্চ নাটক। উৎসবটি চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। প্রধান অতিথি থাকবেন কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম।
মেলার অন্যতম আহ্বায়ক রাখাল সবুজ বলেন, 'শিল্প জগতের অন্যতম সমৃদ্ধিশালী শাখা থিয়েটার, যেখানে শিল্প সারথিরা সৃজন আনন্দে মেতে থাকেন। ঠিক তেমনি আমাদের ঐতিহ্যবাহী গাজীর গান, যাত্রা, বিচার গান, বিচ্ছেদ গানে রয়েছে সৃজন আনন্দে মেতে থাকার অগণিত উপকরণ। শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমাদের এই আয়োজন।'
- বিষয় :
- গীত নাটকের মেলা
- মানিকগঞ্জে
- বিনোদন
