ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

টিভিতে নারী দিবসের নানা আয়োজন

টিভিতে নারী দিবসের নানা আয়োজন
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০১:০৩ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০১:০৭

'ছেলেরা এমনই হয়'
শামীম হাসান সরকার ও নুসরাত ইমরোজ তিশা প্রথম জুটি হয়েছেন 'ছেলেরা এমনই হয়' নাটকে। 'আন্তর্জাতিক নারী দিবস' উপলক্ষে নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশন চ্যানেলে প্রচার হবে। এর রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। তিশা-শামীম জুটির পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।
'বহ্নিশিখা'
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে 'বহ্নিশিখা'। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। এতে অংশ নিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, সমাজকর্মী খুশী কবির, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, কণ্ঠশিল্পী মিতা হক ও এসএ গেমসে সোনা বিজয়ী ইতি খাতুন।
'অপরাজয়া'
বিভিন্ন ক্ষেত্রে সাহসী নারীদের জীবন যুদ্ধ ও তাদের অদম্য সাহস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্মিত হয়েছে টক শো 'অপরাজয়া'। রোকেয়া প্রাচীর উপস্থাপনায় এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন চরণদ্বীপ দেওয়ানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত ফারজানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেলিনা আক্তার। দেশ টিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। প্রযোজনায় ফরিদা লিমা।
'শেষ বিকেলের আলো'
আরটিভিতে আজ রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে নাটক 'শেষ বিকেলের আলো'। খালেদা আহমেদ বেগমের গল্পে এর চিত্রনাট্য, সংলাপ লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে তমালিকা কর্মকার, রওনক হাসান, নুসরাত ইমরোজ তিশা, মিলি বাসার, আজম খান, শিশুশিল্পী পুষ্পিতা। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছিল জোহরার। স্বামী তোফাজ্জল সরকারি অফিসের কেরানি।
ফুটোফাটা টিনের চালার বাড়ি। টেনেটুনে চলা যৌথ সংসার। ছোট দেবর মোফাজ্জল সবে এমএ পাস করে ব্যাংকের চাকরিতে ঢুকেছে। এর আগেই তিন-তিনটি সন্তানের মা হয়েছেন জোহরা খাতুন। সচ্ছলতা না থাকলেও স্বস্তি ছিল। এভাবে এগিয়ে যায় গল্প।

'বৈশাখীর সকালের গানে' অনুষ্ঠানে আজ গাইবেন বরেণ্য কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। এ আয়োজনে আরও গাইবেন ফেরদৌস আরা, মেহের আফরোজ শাওন, লিজা, নন্দিতা, লুইপা, হৈমন্তী রক্ষিত, স্মরণ ও উপমা। প্রযোজনায় লিটু সোলায়মান

'আমার যত গান'
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর আজ গাইবেন 'আমার যত গান' অনুষ্ঠানে। চ্যানেল আই স্টুডিও থেকে বিকেল ৩টা ৫ মিনিটে সরাসরি অনুষ্ঠানটি দেখানো হবে। পরিচালনা করবেন অনন্যা রুমা। শিল্পী আঁখি আলমগীর জানিয়েছেন 'আন্তর্জাতিক নারী দিবস' উপলক্ষে আয়োজিত এই 'আমার যত গান'-এ তিনি শোনাবেন নারীদের নিয়ে রচিত কিছু গান।
'দিন প্রতিদিন'
বাংলাভিশনের প্রতিদিনের সকাল বেলার অনুষ্ঠান 'দিন প্রতিদিন'-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। নারী দিবসের প্রেক্ষাপট, আমাদের সমাজে নারী এবং বৈশ্বিক তুলনা, সাহিত্য ও শিল্পে নারীর অবদান, একজন মা হিসেবে নারীর ভূমিকা, অর্থনীতিতে নারীর অবদানসহ সর্বস্তরে নারীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে উপস্থাপকের সঙ্গে কথা বলেছেন তিনি। দিন প্রতিদিনের এই পর্বটি প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বারিশ হক।
'মর্যাদায় গড়ি সমতা'
দুরন্ত টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠান 'মর্যাদায় গড়ি সমতা'। এটি সঞ্চালনা করেছেন শাহানা হুদা রঞ্জনা। 'মানুষের জন্য ফাউন্ডেশন'-এর সহযোগিতায় নির্মিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আনিসুল হক, নাওফাত ইউসুফ ইউশা, স্পন্দন সাবাব বিন মাহদী, সুকন্যা প্রাচী, রিসালাত রহমান, ফারহানা হাফিজ, মারুফ কবির ও আদিল খান। পরিচালনা করেছেন জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার।

আরও পড়ুন

×