আইসোলেশন তনুশ্রীর কাছে নতুন কিছু নয়
ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ০৬:০২
করোনা সংক্রমণের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। এতে করে তারকারা ঘরবন্দি করেছেন নিজেদের। এতদিন বাড়িতে থেকে অনেকেই হাঁপিয়ে উঠলেও এদিক দিয়ে বলিউডের একসময় ঝড় তোলা অভিনেত্রী তনুশ্রী দত্তের বাড়ির চিত্রটা একটু অন্য।
ভারতের সংবাদমাধ্যম জানায়, গত ফেব্রুয়ারিতেই লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। করোনার জেরে বেশ কিছু অনুষ্ঠান বাতিল হয়েছে ‘আশিক বনায়া আপনে’-র নায়িকার। কিন্তু হোম কোয়ারেন্টাইনের একঘেয়েমি কাবু করতে পারেনি তনুশ্রীকে।
এ প্রসঙ্গে তনুশ্রীর ভাষ্য, 'এই জীবনের সঙ্গে তো অনেক দিন ধরেই অভ্যস্ত আমি। বলিউড থেকে প্রায় এক দশক আগে হারিয়ে যাওয়া তনুশ্রীর কাছে এই নিরাপত্তাহীনতা, আইসোলেশন তো নতুন কিছু নয়। না, দম বন্ধ হয়ে আসছে না আমার। বেশ ভালই লাগছে।'
এই দেশেরই এক পাহাড় ঘেরা জায়গায় নিজের বাংলোতে দিন কাটছে তার।সংক্রমণ ঠেকাতে কী করছেন এর জবাবে ইমরান হাশমির এ নায়িকা বলেন 'হাত ধুচ্ছি বার বার। যা যা, নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এই টুকুই।'
‘আশিক বানায়া আপনে’ ছবি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তনুশ্রী দত্ত। ছবিটিতে ইমরান হাশমির সঙ্গে তনুশ্রীর গভীর রোমান্টিক গান এখনো ভক্তদের হৃদয়ে দাগ কেটে আছে। কিন্তু তিন-চারটি ছবি করার পরেই ক্রমশ বলিউড থেকে হারিয়ে যেতে থাকেন তিনি। বেশ কিছু বছর নানা পটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে আবার শিরোনামে আসেন তিনি।
- বিষয় :
- তনুশ্রী দত্ত
- আইসোলেশন
- বিনোদন
- বলিউড
