ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনায় মমতাজ গাইলেন ‌‌‘বুকটা ফাইট্টা যায়’

করোনায় মমতাজ গাইলেন ‌‌‘বুকটা ফাইট্টা যায়’
×

কণ্ঠশিল্পী মমতাজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ২৩:১৫ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ২৩:১৮

করোনা ভাইরাস প্রতিরোধে নতুন করে মমতাজ গাইলেন ‌'বুকটা ফাইট্টা যায়' গানটি।  সুর একই থাকলেও কথায় এসেছে পরিবর্তন। নতুন কথায় দেয়া হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা।  শিল্পীর বহুলপ্রচারিত ও জনপ্রিয় গানটিকে কাজে লাগিয়ে করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে এ উদ্যোগটি নিয়েছে ব্র্যাক। 

নতুন করে গানের কথাগুলো হচ্ছে  দেশে ফেরত বন্ধু যখন/ চোদ্দ দিন বাইরে না গিয়া/ সবার ভালর কথা ভাইবা একলা রয়/ ঘরে একলা রয়/ মনটা ভইরা যায়/ ও মনটা ভইরা যায়।।

নতুন এ গানে মমতাজ দিয়েচেন নভেল করোনাভাইরাস প্রতিরোধের ডাক।  যাতে প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া এবং নিঃশ্বাস-প্রশ্বাস ও হাঁচি-কাশি দেওয়ার নিয়মগুলো সুরে সুরে তুলে ধরেছেন। গানটি আজ প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। 

কোভিড-১৯ মোকাবেলায় ব্র্যাক পরিচালিত ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে ইতিমধ্যে যুক্ত হয়েছেন প্রখ্যাত শিল্পী কুদ্দুস বয়াতী। তার গাওয়া একটি গান উন্মুক্ত হওয়ার পরপরই সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি গানটি দেশের সমস্ত এলাকায় শহর ও গ্রামের পাড়া-মহল্লায় মাইকে করে প্রচার করা হচ্ছে। 

নতুন এই  গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে  মমতাজ বেগম বলেন, ‌বর্তমানে করোনাভাইরাসকে কেন্দ্র করে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় এগিয়ে আসা আমাদের কর্তব্য। সাধারণ মানুষকে সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করা আমাদের দায়িত্ব।'

ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ বিষয়ক পরিচালক মৌটুসী কবীর এ প্রসঙ্গে বলেন, ‌'বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো ব্যাপক জনসচেতনতা এবং আমাদের দৈনন্দিন অভ্যাস ও আচরণের পরিবর্তন। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতা প্রদানের পাশাপাশি ব্র্যাক বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। করোনাভাইরাস প্রতিরোধের বার্তাগুলোকে বিশেষ করে ছোট ছোট শহর ও গ্রাম-গঞ্জের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় তাদের মতো প্রখ্যাত শিল্পীবৃন্দ যুক্ত হয়েছেন বলে আমরা মমতাজ এবং কুদ্দুস বয়াতীর কাছে গভীরভাবে কৃতজ্ঞ।'

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কাজে পৃথক একটি ওয়েবপোর্টাল পরিচালনা ছাড়াও সামাজিক যোগাযোগ ও গণযোগাযোগমাধ্যমগুলোতে নানা ধরনের তথ্যসংবলিত উপকরণ প্রকাশ ও প্রচার করে যাচ্ছে ব্র্যাক। গ্রামগঞ্জে এসব বার্তা মাইকে প্রচার করা হচ্ছে। পাশাপাশি দেশের ১৬টি কমিউনিটি রেডিও নেটওয়ার্কের মাধ্যমেও নিয়মিত সম্প্রচার করা হচ্ছে।


আরও পড়ুন

×