বিশেষ বার্তা নিয়ে আসছে সুস্মিতার ‘তালি’
‘তালি’ সিরিজে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা সেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ০৮:৪৯ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ০৮:৪৯
অভিষেক ওয়েব সিরিজ ‘আরিয়া’য় দুর্দান্ত অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছিলেন সুস্মিতা সেন। এবার ‘তালি’ সিরিজে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। রবি যাদব পরিচালিত সিরিজটি ১৫ আগস্ট মুক্তি পাবে।
গত সোমবার ইনস্টাগ্রামে তালির ট্রেলার পোস্ট করে তিনি লিখেছেন, ‘গৌরী এসে গেছে, তার আত্মমর্যাদা, সম্মান আর স্বাধীনতার কাহিনি নিয়ে।’
জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে তালি। ট্রান্সজেন্ডার কর্মী শ্রীগৌরী সাওয়ান্তের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ।
গণেশ থেকে তার গৌরী হয়ে ওঠার বেদনাদায়ক ভ্রমণের সঙ্গে অনেক বঞ্চনা জড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে সবাই এই সিরিজের ট্রেলারের অপেক্ষায় ছিলেন।
২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলার ইতিমধ্যে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ট্রেলারেই সুস্মিতার দুরন্ত অভিনয়ের ঝলক দেখা যাচ্ছে। গলার আওয়াজেও বৈচিত্র্য এনেছেন সুস্মিতা।
ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, স্কুলের কক্ষে বসে আছে গণেশ। তাকে তার শিক্ষিকা জিজ্ঞেস করছেন, বড় হয়ে সে কী হতে চায়। জবাবে গণেশ বলে, ‘আমি মা হতে চাই।’ শিক্ষিকা বলেন, ‘ছেলেরা মা হতে পারে না।’ এই সিরিজের মাধ্যমে গণেশের গৌরী হয়ে ওঠার কঠোর সংগ্রাম তুলে ধরা হয়েছে।
ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে ‘তালি’র মাধ্যমে সমাজে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে চলেছেন সুস্মিতা।
- বিষয় :
- তালি
- সুস্মিতা সেন
- ওয়েব সিরিজ
