তাদের হিরোগিরির কাছে আয়ুষ্মানরা তুচ্ছ!
আয়ুষ্মান খুরানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৭:৫৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৮:০৩
করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এই পরিস্থিতিতে ভারতে চলছে লকডাউন। এ সময় জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। তাদের সাধুবাদ জানাচ্ছেন বলিউড তারকারা। সাধুবাদ জানাচ্ছেন ভারতের সাধারণ মানুষও।
সম্প্রতি লকডাউনে বাসায় গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন বলিউড তারকারাও। এ সময় সাধারণ মানুষদের সকর্ত করছেন যে যার মতো করে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নার্স-চিকিৎসকদের পাশাপাশি পুলিশ, পরিস্কারকর্মী থেকে শুরু করে দোকান হোক কিংবা সবজি বিক্রেতা, প্রত্যেকেই লড়াই করে যাচ্ছেন।
লড়াইয়ে শামিল ওইসব হিরোদের স্যালুট জানিয়ে কবিতা লিখলেন বলিউড স্টার আয়ুষ্মান।
যে কবিতায় নিজেদের তুচ্ছ করে তাদেরই আসল হিরো বলে আখ্যায়িত করলেন তিনি। কবিতায় আয়ুষ্মান লিখেন, 'কোনো কাজই ছোট নয়, এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নিন। আমাদের মতো বলিউড হিরোরা তো শুধু নামমাত্রই। আমরা শুধু টাকা দিয়ে তাদের সাহায্য করতে পারি। কিন্তু ময়দানে নেমে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে হাসিমুখে কাজ করে যাওয়া সেই মানুষগুলোই তো বাস্তবের যোদ্ধা'।
তিনি আরও লিখেছেন, 'এই কবিতাটা করোনা মোকাবিলায় জরুরী পরিসেবার সঙ্গে যুক্ত সে সকল যোদ্ধাদের জন্য, যারা প্রতিটা মুহূর্তে লড়ে যাচ্ছেন আমাদের জন্য। আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। তাদের স্যালুট জানাতেই এই শব্দগুলো লিখলাম।'
