চঞ্চল চৌধুরীর ছেলে ‘আয়নাবাজি’র ক্যামেরাম্যান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৫:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
অমিতাভ রেজা পরিচালিত দর্শকপ্রিয় ছবি 'আয়নাবাজি'। করোনাকালে ছবিটির নামেই নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। অমিতাভ রেজাই নির্মাণ করছেন। এই ওয়েব সিরিজের মাধ্যমে ফের পর্দায় দেখা যাবে ‘আয়না’, ‘হৃদি’ ও সাংবাদিক সাবেরকে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। নিজ নিজ ঘরে বসেই চরিত্রগুলোতে শুটিং করছেন নাবিলা, চঞ্চল চৌধুরী ও পার্থ বড়ুয়া।
এতে চঞ্চল চৌধুকে ক্যামেরা বন্দি করেছে তার ১২ বছরের ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। বিষয়টি চঞ্চল চৌধুরী নিজেই জানিয়েছেন। তিনি বলেন, 'করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন করতেই ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে। শুটিং শেষে এখন চলছে এডিটিংয়ের কাজ। আমরা যার যার বাসায় শুটিং করে পাঠিয়েছি। যেমন, আমার ক্যামেরা চালিয়েছে আমার ছেলে শুদ্ধ। ওর মা ওকে হেল্প করেছে।'
ওয়েব সিরিজের প্রতিটা পর্ব ৫ মিনিট দৈর্ঘ্যের হবে। এখানে হাজির হবে আয়নাবাজি সিনেমার চরিত্র ‘আয়না’। যে চরিত্রটিতে অভিনয় করেছেন চঞ্চল চোধুরী। ‘হৃদি’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও ক্রাইম রিপোর্টার সাবের চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া।
নির্মাতা অমিতাভ রেজা বলেন, শুটিংয়ের পর সম্পাদনার কাজও ঘরেই হচ্ছে। ইতোমধ্যে এর টিজার প্রকাশ করেছি, সেখানে তুলে ধরেছি কিভাবে আমরা কাজ করছি। এটা আসলে বেশ কষ্টসাধ্য একটা প্রক্রিয়া।