ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আজকের শিল্পী

কাজটি পেশাদার উপায়ে করা যায়নি: নিশো

কাজটি পেশাদার উপায়ে করা যায়নি: নিশো
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০৯ মে ২০২০ | ০০:২২

আফরান নিশো। মডেল ও অভিনেতা। সম্প্রতি লকডাউনের এই সময়ের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওয়েটিং'-এ অভিনয় করেছেন। মুঠোফোনে নির্মিত এই চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি

মুঠোফোনে নির্মিত 'ওয়েটিং' চলচ্চিত্রটি নিয়ে বলুন?

অনেক দিন ধরেই বাসায় আছি। সব ধরনের শুটিং বন্ধ। দেখুন একটা সময় মাসের ৩০ দিনই কোনো না কোনো কাজ করেছি। কিন্তু এখন ঘরবন্দি। বিষয়টি প্রত্যেক শিল্পীর জন্য কষ্টসাধ্য। এরই মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমি 'ওয়েটিং'-এর গল্প শোনায় এবং কীভাবে নিজেদের অংশগুলো নিজেকে ধারণ করে দিতে হবে তারও পরিকল্পনা বলে। তার পরিকল্পনা শুনেই রাজি হয়েছি এতে অভিনয় করতে। আর সব সময় নতুন কিছুর সঙ্গে যুক্ত হওয়া রোমাঞ্চকর। এ ছবিতে আরও অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও জিয়াউল হক পলাশ। আমরা প্রত্যেকেই নিজেদের ঘরে থেকে নিজেদের ফোনে দৃশ্যগুলোর চিত্রায়ণ ও অভিনয় করেছি।

নিজ মোবাইলে দৃশ্যধারণ করে অভিনয় চ্যালেঞ্জিং। তাছাড়া দৃশ্যধারণের ক্ষেত্রে নির্মাতার পছন্দ-অপছন্দের বিষয়ও থাকে...

শুটিংয়ের আগে বাসার বিভিন্ন জায়গায় ফ্রেম ধরে নির্মাতাকে অনেকগুলো ছবি পাঠিয়েছিলাম। প্রত্যেক শিল্পীই এমনটা করেছেন। সেগুলো থেকেই নির্মাতা চরিত্র অনুযায়ী স্টোরিবোর্ড তৈরি করেছেন। সেভাবেই আমরা শুটিং করেছি। যেহেতু পেশাদার উপায়ে কাজটি করা যায়নি, তাই শতভাগ লাইট পাওয়ার সুযোগও ছিল না। ঘরের লাইট, বারান্দা বা ছাদের আলোতেই কাজ করতে হয়েছে। দু'দিন ধরে কাজটি করেছি। এখন সম্পাদনা ও আবহসংগীত বসানোর পর বোঝা যাবে কাজটি কেমন হয়েছে। এই প্রজেক্টকে আমি পরীক্ষামূলক হিসেবে দেখতে চাই।

এই ছবির গল্পটি কেমন?

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া দুটো মানুষকে ঘিরে এই ছবির গল্প এগিয়ে যায়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে একদিন দু'জনে সিদ্ধান্ত নেয় দেখা করার। কিন্তু সে দিনই পুরো শহরকে লকডাউন ঘোষণা করা হয়। এর পরই শুরু হয় অন্য গল্প। যা বলতে চাই না।

সারাবছর শুটিংয়ে ব্যস্ত থাকতেন। আর এখন সার্বক্ষণিক বাসায়। কীভাবে কাটছে সময়?

সবার যেমন কাটছে, আমারও তেমনই। এমন অস্বাভাবিক জীবন কার ভালো লাগে? যখন শুটিংয়ে ব্যস্ত থাকতাম তখন একটু অবসরের জন্য হা-হুতাশ করতাম। কিন্তু এত অবসর পাব, একদমই আশা করিনি [হাসি]। তবে এর মধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা করছি। আগে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কারও খোঁজ নেওয়ার সময় পেতাম না। এখন সবই হচ্ছে। স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছি। এমন অনেক কিছুই করছি, যা জীবনে কখনও করা হয়নি।

আরও পড়ুন

×