তরুণদের ভাইরাল হওয়ার প্রবণতা সত্যি ভয়াবহ: ফাহমিদা নবী
ফাহমিদা নবী
রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:১১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:২৪
ফাহমিদা নবী। নন্দিত কণ্ঠশিল্পী ও সুরকার। সম্প্রতি এইচএম ভয়েস থেকে প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক গান ‘ও মন তোমার হব’। মেলোডি সুরের এই রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া, এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–
মেলোডি সুরের আরেকটি নতুন গান প্রকাশ করলেন। ‘ও মন তোমার হব’ গানটি শুনে কী বলেছেন শ্রোতারা?
শ্রোতাদের কথায় এটাই স্পষ্ট যে, তারা সবসময় আমার কণ্ঠে মেলোডি সুরের গানই শুনতে পছন্দ করেন। ‘ও মন তোমার হব’ তেমনই একটি গান, যার জন্য তারা প্রতীক্ষায় ছিলেন।
‘ও মন তোমার হব’ গানের গীতিকার ও সুরকার দু’জনই নতুন। হঠাৎ নতুনদের কথা-সুরে গাইলেন?
নতুনদের কথা-সুরে আগেও গেয়েছি। এজন্য ‘ও মন তোমার হব’ গানের কথা ও সুর যখন ভালো লেগেছে, তখন এর গীতিকার-সুরকার কে বা কারা– তা নিয়ে খুব একটা ভাবিনি। আসল কথা হলো, কোনো কাজ যদি ভালো হয় তাহলে তার স্রষ্টা প্রতিষ্ঠিত কেউ নাকি তরুণ–সেটা দেখার প্রয়োজন হয় না। এ কথা ঠিক যে, গীতিকার শেখ নজরুল ও সুরকার ফিদেল নাঈম গানের ভুবনে এখনও সেভাবে পরিচিতি পায়নি। তার মানে এই নয়, তাদের কোনো সম্ভাবনা নেই। ‘ও মন তোমার হব’ গানটি শুনলে কিছুটা হলেও তাদের প্রতিভার আঁচ পাওয়া যাবে।

কিছুদিন আগে ‘শাখা-প্রশাখার প্রভাব’ গানেও নতুন এক ফাহমিদার দেখা মিলেছে। গান নিয়ে কী আগের চেয়ে বেশি নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন?
‘শাখা-প্রশাখার প্রভাব’ গানটি শুনে কেউ যদি আমাকে নতুনভাবে আবিষ্কার করে থাকেন, তাহলে সেই কৃতিত্বটা এনামুল করিম নির্ঝরের। কারণ, এই গানের স্রষ্টা তিনি। অবশ্য কথা-সুরে এই গানে কণ্ঠ দেওয়ার পর আমারও মনে হয়েছিল, এটি অনেক দিন শ্রোতামনে অনুরণন তুলে যাবে। এমনিতেও নির্ঝরের সৃষ্টি গতানুগতিক ধারা থেকে একেবারেই আলাদা। তাঁর গীতিকবিতা ও সুরের বৈচিত্র্য যতটা মুগ্ধ করে, ততটাই বিস্মিত করে অভিনব চিন্তাধারা। তবে এতটা ব্যতিক্রমী না হলেও সুরকার হিসেবে আমার গানগুলোয় আলাদা একটা ছাপ রেখে দেওয়ার চেষ্টা করি। গত তিন-চার বছর ধরে নিয়মিত সুর করে যাচ্ছি। শুরুতে এটা ছিল শখ, এখন তা নেশায় পরিণত হয়েছে। তাই প্রতিটি আয়োজনে যতটা পারি নিরীক্ষা চালিয়ে যাই।
এর মধ্যে নতুন কোনো গানের সুর করেছেন?
‘কাছের মানুষ দূরে যায়’ শিরোনামে একটি গানের সুর করেছি। ইলা মজিদের লেখা এই গানের রেকর্ডিংও হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই গানটি প্রকাশ করব।

তরুণ গীতিকার, সুরকার, সংগীতায়োজকদের সঙ্গে কাজ করেছেন। রিয়েলিটি শোর বিচারক হিসেবে অনেকে শিল্পীকে গানের ভুবনে জায়গা করে দিয়েছেন। তারা আসলে কতটা সম্ভাবনাময়?
গানের ভুবনে যেসব তরুণদের সঙ্গে কাজ করছি, তাদের যেমন প্রতিভা আছে, তেমনি প্রতিষ্ঠিত সম্ভাবনাও আছে। রিয়েলিটি শো থেকে যাদের তুলে এনেছি, তাদের নিয়েও একই কথাই বলব। কিন্তু ইদানীং অনেকের মধ্যে যে প্রবণতা চোখে পড়ছে, তা সত্যি ভয়াবহ। ভালো কিছু করার চেয়ে এখনকার তরুণরা শুধু ভাইরাল হতে চায়, আর এই চাওয়া যে কতটা ভয়াবহ, এতে করে যে তাদের শিল্পীসত্তার মৃত্যু হতে পারে, তা নিয়ে কোনো ধারণাই নেই। সংগীত যে সাধনার বিষয়–এটাও অনেকেই ভুলে বসে আছে।
- বিষয় :
- ফাহমিদা নবী
- সংগীতশিল্পী
- সংগীত
