ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বদলে যাওয়া অন্য এক এফডিসি

বদলে যাওয়া অন্য এক এফডিসি
×

সবুজ এফডিসির চিত্র ছবি-সমকাল

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০০:১৭ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০০:৫২

প্রতিটি গাছেই যেনো সবুজ কচিপাতা চোখ মেলছে। ফুরফুরে মন নিয়ে হাওয়া বিলাচ্ছে রঙ্গিন পাড়ায়! গাছের প্রতিটি পাতাই যেনো চুলের মতো তিরতির করে উড়ছে বাতাসে। কুড়ি থেকে বেরিয়ে এসেছে ফুল। সবুজের মাঝে রঙিন দেখতে সেসব! লাল-হলুদ আর বেগুনি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে এমনই দৃশ্য চোখে পড়লো রোববার।

মানুষের কোলাহল নেই। নেই শুটিংয়ের লাইট, ক্যামেরা, অ্যাকশনের শব্দ। সেখানে পাখিদের কিচির মিছির শব্দরা স্থান করে নিয়েছে। এফডিসির প্রধান গেট দিয়ে প্রবেশের পর কিছু দূর এগোলেই মনে হবে রাজধানীর বুকে যেনো এক খন্ড গ্রাম। ঢাকায় এমন দৃশ্য কিছুদিন আগেও যেনো বিরল ছিলো। গাছে গাছে  কী সুন্দর সবুজ হয়ে আছে নতুনপাতা। ফুল। প্রজাপতিও উড়ছে  ফুলে ফুলে। করোনা ভাইরাসের এই সময়ে মানুষ ঘরবন্দি হলেও  এই প্রকৃতি যেনো শ্বাস নিচ্ছে  প্রাণ খুলে!

করোনা প্রাদুর্ভাবে দেশ স্থবির হয়ে আছে। শুধু দেশ নয় পুরো বিশ্বই আজ স্থবির। সাধারণ ছুটির নোটিশ ঝুলছিলো অফিসের দরোজায় দরোজায়। এফডিসিরও সকল শুটিং ফ্লোর বন্ধ। শুটিং হচ্ছেনা প্রায় দুইমাস হয়। এই দুইমাসে এফডিসির চিত্র যেনো পাল্টে গিয়েছে। পরিচালক সমিতি ও  প্রযোজক সমিতির যে অফিসগুলোর সামনে  সর্বদা পরিচালক ও প্রযোজকদের আড্ডা চলতো সেখানে যেনো খাঁ খাঁ করছে। চিরচেনা মুখগুলো নেই। শ্যাওলা জমে আছে দেয়ালের গায়ে। তবে শিল্পী সমিতির সামনে ভিন্ন চিত্র। সেখানে দাঁড়ানো আছে চকচকে সাদা রঙ্গের একটি গাড়ি। এই সমিতির অফিসে নিয়মিতই প্রাণের যাতায়াত। সেটা পরিবেশ দেখেই অনুমেয়।

 

এফডিসির  ঐতিহ্যবাহী স্থান ঝর্ণা স্পট। যেখানে কত শত ব্যবসা সফল ছবির শুটিং হয়েছে। সেখানে যাওয়ার পরই জুড়িয়ে যাবে প্রাণ। জবা আর মধুফুল ফুটে আছে বেশ কয়েকটি গাছে। ঝর্ণা নেই। তবে সুইমিং পুলের মতো ডুবায় বিভিন্ন লতাপাতায় সবুজ হয়ে আছে। মনে হবে গ্রামের কোন খাল! সবুজ ঘাস গজিয়েছে সে খালের চারপাশে। বিভিন্ন রকম গাছে কলকাকলি করছে হরেক রকম পাখিরা। 

এদিকে লকডাউন  সিমিত আকারে চলছে দেশে। গণপরিবহনের চাকাও আর ঘুরছে সিমিত আকারে। ঝাপ তুলছে দোকানপাটের। শুরু হচ্ছে শুটিংও। কিছুদিন পরই হয়তো আগের রুপে ফিরবে চিত্রপাড়া। ফ্লোরে ফ্লোরে শুটিংয়ের ব্যস্ততা শুরু হয়ে যাবে। লাইট ক্যামেরা আর অ্যাকশনের শব্দে উবে যাবে পাখিদের এই কলকাকলি!




আরও পড়ুন

×