ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিয়ের খবরটি পুরোপুরি গুজব: বাপ্পি

বিয়ের খবরটি পুরোপুরি গুজব: বাপ্পি
×

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০০:৩৮ | আপডেট: ১৪ জুন ২০২০ | ০২:৩১

‘সিনেমার ক্যারিয়ার শুরুর কয়েক বছর পর থেকেই প্রতি বছর আমার বিয়ের খবর প্রকাশ হচ্ছে। একই সঙ্গে প্রেমের খবরও। অথচ আমার পরিবার আমার বউ খুঁজে বেড়াচ্ছে এখনও। তারা শুধু খবরেই পড়ছে আমার বিয়ের কথা। কিন্তু বউ কখনও দেখা হয়নি তাদের! বিষয়টি নিয়ে তারা হতাশও। বরারের মতো এ বছরও বিয়ে করেছি- খবর এলো। যে সময় এ খবর এলো সে সময়টা করোনাভাইরাস নিয়ে পরিবারের সবাই চিন্তিত। বিয়েটা সত্যি হলে মন্দ হতো না! পরিবারের সবাই খুশি হতেন। গৃহবন্দির সময়টা বউকে নিয়ে খারাপ কাটতো না!’

কথাগুলো বলছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। কারণ তিনি ঢাকঢোল না পিটিয়ে চুপিসারে বিয়ে করেছেন! নববধূকে ঘরেও তুলেছেন বলে নায়কের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে শনিবার খবর প্রকাশিত হয়েছে। 

খবর প্রকাশের পর বাপ্পির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা চালালেও বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোন। অবশেষে রোববার  ফোনে পাওয়া যায় এ নায়ককে। বিয়ের কথা তুলতেই হাসি দিয়ে বাপ্পি বলেন, ‘আর যাই হোক বিয়েটা করলে কিন্তু সবাইকে জানিয়েই করবো। এটা গোপন করে করার কিছু নেই।’ 

তাহলে বউকে যে ‘তুষার কন্যা’ নামে ডাকেন এ তথ্য মিথ্যে?' এ প্রশ্নে কিছুক্ষণ সময় নেন বাপ্পি। এরপর বলেন, ''আসলে ‘তুষার কন্যা’ না। প্রিয় একজন মানুষকে আমি ‘স্নো হোয়াইট’ বলে ডাকতাম। সেটাও কয়েক বছর আগের কথা, যা এখন অতীত।’' 

ব্যক্তিগত এ বিষয় নিয়ে কথা আর বাড়াতে চাইলেন না ‘সুলতানা বিবিয়ানা’ ছবির নায়ক বাপ্পি। 

শনিবার বিশেষ সূ্ত্রের বরাতে প্রকাশিত খবরে  জানানো হয়, দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন বাপ্পি চৌধুরী। এর আগে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে ঘুরতে দেখা গেছে তাকে। এ বিষয়ে জানতে চাইলে হেসে উড়িয়ে দিয়েছেন এই নায়ক। করোনাকালে হাতে কোনো কাজ না থাকায় বাসায় স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও সূত্রটি জানিয়েছে।

এসব তথ্য জানালে হেসে উড়িয়ে দেন বাপ্পি। বলেন, এখন আসলে এসব গুজবে কান দেয়ার সময় না। যে সময়টা যাচ্ছে তা অনেক খারাপ সময়। এখন আমাদের চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবনার সময়। করোনার কারণে পুরো বিশ্বই স্থবির হয়ে আছে। বিশ্ব চলচ্চিত্রের অবস্থাও ভালো নয়। আর আমাদের চলচ্চিত্রের অবস্থা তো করোনার আগে থেকেই খারাপ যাচ্ছে। তাই এ সময়ে চলচ্চিত্র যোদ্ধাদের এক হয়ে কাজ করা উচিত। এসব গুজবে কান না দিয়ে তাই কিভাবে নিজেকে ও চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি সামনে এগিয়ে নেয়া যায় সে চিন্তাই করছি। 

তাহলে বাপ্পি কবে বিয়ে করছেন? উত্তরে তিনি বলেন, ‘পরিবারের মেয়ে পছন্দ হলেই বিয়ে হবে। তবে সেটা কখন তা আমিও বলতে পারছিনা।’

এদিকে বাপ্পি চৌধুরী টানা প্রায় আড়াই মাস গৃহবন্দি জীবন যাপনের পর গত ২৭ মে শুটিং শুরু করেছেস। করোনাভাইরাস নিয়ে নিয়ে ছবিটির নাম ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’। নির্মাণ করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। 

শুটিংয়ের বিষয়টি উল্লেখ করে বাপ্পি বলেন, ‘হলিউড ও বলিউডে শুরু হয়েছে শুটিং। আমাদের ইন্ডাষ্ট্রিতেও সিনেমার শুটিং শুরু হয়েছে। আমি নিজেও একটি ছবির শুটিং শুরু করেছি। চিন্তার বিষয় হচ্ছে হল তো এখন বন্ধ রয়েছে। ছবির শুটিং শুরু হলেও ছবিগুলো দেখাবে কই?  হল ছাড়া তো ছবি দেখানোর  বিকল্প কোন প্লাটফর্ম নিয়ে আমরা চিন্তা করছিনা। আমার মনে হয়, হল মালিক, প্রযোজক, পরিচালক ও আর্টিস্টদের এটা নিয়ে দ্রুতই ভাবা উচিত। সম্মিলিতভাবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো বিকল্প প্লাটফর্মে ছবি মুক্তি দেয়ার উপায় বের করতে হবে আমাদের। না হলে আমরা এগিয়ে যেতে পারবোনা। শুধু পিছিয়েই যাবো। চলচ্চিত্রও আর ঘুরে দাঁড়াবে না।’

এ কথা সত্যি ঢাকাই ফিল্ম ইন্ডাষ্ট্রিতে দুয়েকটা প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া তেমন কোন প্রযোজনা প্রতিষ্ঠান  নেই। তবুও হাল ছাড়া যাবেনা।  করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বাসায় বসে আছি।  একেবারেই যে বসে আছি তা কিন্তু না। বাসায় বসে বসে শুধু সিনেমা নিয়ে চিন্তা করলে তো হবেনা। কাজও করতে হবে। এই সময়ে নিজের মতো করে সবকিছু গোছাচ্ছি, পরিকল্পনা করছি। বিভিন্ন পরিচালকের সঙ্গে গল্প নিয়ে আলাপ করছি। প্রযোজকদের সঙ্গে অনলাইন মিটিং করছি। চলচ্চিত্রের প্রতি যে প্রতিষ্ঠানগুলোর ভালোবাসা রয়েছে তাদেরকে প্রযোজনায় আনতে চেষ্টা করছি। এই চেষ্টাটা যদি সবাই একত্রে করি তাহলেও ভালো কিছু সম্ভব বলেই আমি মনি করি, যোগ করে বলেন বাপ্পি চৌধুরী। 

আরও পড়ুন

×