ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুধু আমি রয়ে গেলাম: রেজওয়ানা চৌধুরী বন্যা

শুধু আমি রয়ে গেলাম: রেজওয়ানা চৌধুরী বন্যা
×

ছবি কোলাজ: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৭:২০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৭:২৩

স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের চর্চা করেছেন তাদের মধ্যে পাপিয়া সারোয়ার অন্যতম। সেই পাপিয়া সারোয়ার আজ চলে গেলেন না ফেরার দেশে। এই শিল্পীর মৃত্যুর খবরে শোকাহত তার ভক্ত-সহকর্মীরা।

পাপিয়া সারোয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন তার সমসাময়িক শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একসঙ্গে পথচলা ছিল তাদের। সঙ্গে ছিলেন সাদি মহম্মদ, মিতা হক।

মিতা হক, সাদি মহম্মদ ও পাপিয়া সারোয়ার কেউ নেই। শুধুই রয়ে গেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। কাছের মানুষকে হারিয়ে শোকাহত তিনি। তাই হয়ত দুই বাক্যের বেশি লিখতে পারলেন না।

পাপিয়া সারোয়ারের মৃত্যু খবর পেয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একসঙ্গে গানের জীবনে পথ চলেছিলাম সাদি, পাপিয়া, মিতার সঙ্গে। শুধু আমি রয়ে গেলাম।’


গেল মে মাসে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করে চ্যানেল আই টেলিভিশন। এসময় তার পাশে থেকে বক্তব্য দেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: ভিডিও থেকে

প্রসঙ্গত, পাপিয়া সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন। পাপিয়া ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতষ্ঠা করেছিলেন।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা তিনি পেয়েছেন। আধুনিক গানেও আছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।

পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।

আরও পড়ুন

×