অনলাইনে নয়, সুশান্তের শেষ ছবি হলে মুক্তির দাবি ভক্তদের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৫:০৭ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৫:৩০
বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত কখনোই চাইতেন না, তার ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাক! এর আগে ধর্মা প্রোডাকশনের ‘ড্রাইভ’ হটস্টারে মুক্তি পাওয়ার সিদ্ধান্তেও তিনি মনক্ষুন্ন হন।
এমনকী ‘ড্রাইভ’ ছবিটি অনলাইনে মুক্তি দেওয়ায় করণ জোহরের সঙ্গে সুশান্তের মনোমালিন্যও হয়েছিল। এবার সুশান্তের জীবনের শেষ ছবি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনেকের প্রশ্ন তার মতো দক্ষ অভিনেতা যেভাবে অবহেলিত হয়েছে ইন্ডাস্ট্রিতে, মৃত্যুর পরও কি তাকে একটু সম্মান দেওয়া যেত না?
আগামী ২৪ জুলাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে। কিন্তু যে অভিনেতাকে নিয়ে এত আবেগ, তার জীবনের শেষ ছবি মুক্তির কেন হটস্টারকেই বেছে নেওয়া হল? কেন ছবির নির্মাতারা বড়পর্দাকে বেছে নিলেন না? এমন দাবিতে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া। তাদের দাবি, ’সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র বড় পর্দায় মুক্তি চাই, ওয়েব প্ল্যাটফর্মে নয়!’ খবর সংবাদ প্রতিদিনের
সত্যিই তো, যে ছবি সিনেমা হলে গিয়ে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন সুশান্তের লক্ষ লক্ষ অনুরাগীরা, ভালবাসায় হল ভরিয়ে দিতে চেয়েছিলেন, সেই ছবিই কিনা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে! মেনে নিতে পারছেন না অনেকেই। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ‘দিল বেচারা’র পরিচালক মুকেশ ছাবড়া একটি আবেগঘন পোস্ট করে মুক্তি পাওয়ার কথা জানান। ব্যবসায়িক লাভ-লোকসানের হিসেব না কষে তারা ঘোষণা করেছেন যে এই ছবিটি সবাই দেখতে পাবে। এদিনই নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেকথা জানিয়ে হটস্টার কর্তৃপক্ষ লিখেছেন, “এ এক আশা, ভালবাসা আর অফুরন্ত স্মৃতির গল্প। সুশান্ত সিংহ রাজপুতের ঐতিহ্যকে অনুভব করার অন্যতম উপায়।”
আর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা শুনেই বেজায় চটেছেন তার ভক্তরা। অনেকেই আঙুল তুলেছেন ছবির প্রযোজনা সংস্থা ও পরিচালকের উপর। তাদের ভাষ্য, ‘এতগুলো ছবি কেড়ে নেওয়ার পরও আপনারা শেষ ছবির ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত নিলেন!’
গত ৮ মে বড় পর্দায় মুক্তির কথা ছিল সিনেমাটি। কিন্তু করোনার কারণে মুক্তি দেওয়া স্থগিত করা হয়। তাই অগত্যা ডিজিটাল প্ল্যাটফর্মকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু এই যুক্তিকে মানতে নারাজ অনেকেই। তাদের বক্তব্য, ‘বলিউডের এতগুলো নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের বড় বাজেটের ছবি মুক্তি অপেক্ষা করতে পারলে, সুশান্তের শেষ ছবির ক্ষেত্রেও কি অপেক্ষা করা যেতে না?’
- বিষয় :
- সুশান্ত সিং রাজপুত
- দিল বেচারা
- বলিউড