পুরোপুরি বিশ্রামে কণ্ঠশিল্পী বন্যা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৫:২৮ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৬:৫৫
করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা দুই সপ্তাহ ধরে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। গত রোববার সমকাল অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি আশা প্রকাশ করেছিলেন, দ্বিতীবারের পরীক্ষায় করোনা নেগেটিভ আসবে।
কিন্তু আজ শুক্রবার জানা গেল, শরীরে ব্যথা ও দুর্বলতা বোধসহ কভিড-১৯ এর কিছু উপসর্গ বাড়তে থাকায় তিনি পুরোপুরি বিশ্রামে রয়েছেন। গত মঙ্গলবার দ্বিতীয় দফায় টেস্টের জন্য তার নমুনা সংগ্রহের কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় করা হয়নি। সেটা এক সপ্তাহ পেছানো হয়েছে। এসব তথ্য জানান তার বড় বোন ফারিহা আনোয়ার। আপাতত বন্যার দেখভালের দায়িত্বে আছেন তিনি।
দুই সপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর শারীরিক কোনো জটিলতা ছিল না এ কণ্ঠশিল্পীর। তবে মাঝে কিছুটা সমস্যা দেখা দিলে বাসাতেই ডাক্তারের পরামর্শ মোতাবেক হচ্ছে চিকিৎসা।
এদিকে বন্যা করোনায় আক্রান্ত হওয়ার খবরে অনেকেই তার খোঁজখবর নিচ্ছেন। যারা খোঁজখবর নিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই শিল্পী।
- বিষয় :
- রেজওয়ানা চৌধুরী বন্যা
- করোনা ভাইরাস