ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হুমায়ূন আহমেদ আমাকে হাতে ধরে তৈরি করেছেন: মাহফুজ

হুমায়ূন আহমেদ আমাকে হাতে ধরে তৈরি করেছেন: মাহফুজ
×

হুমায়ূন আহমেদ ও মাহফুজ আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ১৪:২১ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ১৪:৩৫

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নাট্যকার এবং চলচ্চিত্রকার হিসেবেও তুমুল জনপ্রিয়। তিনি যেখানে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলেছে। তার লেখা ‘কোথাও কেউ নেই’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্র ‘, ‘আজ রবিবার’ ও ‘নক্ষত্রের রাত’সহ ধারাবাহিকগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। এই গুণীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ।

হুমায়ূন আহমেদ পরিচালিত দুটি সিনেমা এবং অসংখ্য নাটকে অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। স্মৃতিচারণ করে মাহফুজ বলেন, ‘আমাকে হাতে ধরে তৈরি করেছেন হুমায়ূন আহমেদ। তাঁর কাছে আমার অনেক ঋণ। সংলাপ বলা, তাকানো, অনেক কিছু শিখেছি তাঁর কাছে। আমার কাছে সারাজীবনের ভালোবাসা, অভিভাবক, বন্ধু, বড় ভাই হয়ে মনের মধ্যে গেঁথে আছেন হুমায়ূন আহমেদ।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে এখনও হুমায়ূন আহমেদ জীবন্ত, যেন সামনে বসে আছেন, মিটমিট করে হাসছেন। তাঁর হাসিমুখটাই আমার কাছে ভাসে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমি ছিলাম একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সারাজীবন তাঁকে আমি স্যার বলেছি। তিনি মারা যাওয়ার পর আড়াই বছর লেগেছে আমার স্বাভাবিক হতে। আমি আড়াই বছর কোথাও তাঁকে নিয়ে কিছু বলিনি, বলতে পারিনি।’

মাহফুজের কথায়, ‘দীর্ঘদিন পর একটি পত্রিকার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। সেদিন চোখের পানি ধরে রাখতে পারিনি। এতটাই তাঁকে ভালোবাসতাম, এখনও বাসি। হুমায়ূন স্যার একা চলতে পছন্দ করতেন না, দলবল নিয়ে, বন্ধু-প্রিয়জন নিয়ে চলতে পছন্দ করতেন।’

শেষে মাহফুজ বলেন, ‘নুহাশ পল্লীতে সেইসব প্রিয়জনদের নিয়ে আড্ডা দিয়ে, খাওয়াদাওয়া করতে ভালোবাসতেন। কী কী মেনু হবে, কতগুলো খাবারের পদ থাকবে, সব ঠিক করতেন তিনি। তারপর নুহাশ পল্লীর লিচু বাগানে খাবারদাবার হতো। তিনি খেতেন না, আমরা খেতাম। দেখেই আনন্দ পেতেন তিনি। তাঁর ছিল এমনই বিশাল মানসিকতা।’

আরও পড়ুন

×