অনিশ্চয়তায় আনুশকার ‘চাকদহ এক্সপ্রেস’, মুক্তি নিয়ে উঠছে নানা প্রশ্ন
আনুশকা শর্মা
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ১৩:৩২ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ১৩:৪৩
যে সিনেমা নিয়ে আনুশকা শর্মা খুব আশাবাদী; যার মধ্য দিয়ে ভাঙতে যাচ্ছেন দীর্ঘ দিনের অভিনয় বিরতি; সেই ‘চাকদহ এক্সপ্রেস’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মা হওয়ার কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি এই বলিউড তারকা। বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য তাই বেছে নিয়েছিলেন ‘চাকদহ এক্সপ্রেস’ নামের ভিন্নধর্মী এক সিনেমা। যেটি নির্মাণ করা হচ্ছিল ভারতীয় নারী ক্রিকেট দলের ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে।
ঝুলনের যাপিত জীবনের নানা অধ্যায় আর আনুশকাকে নতুন রূপে আবিষ্কারের জন্য দর্শক মুখিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য। সামাজিক মাধ্যমে চোখ মেললেই দর্শকের সেই প্রতিক্রিয়া চোখে পড়ে। এর পরও কেন নির্মাতারা ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমা মুক্তি দিচ্ছেন না, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, ২০২২ সালে যখন ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই দর্শকের মাঝে এক ধরনের কৌতূহল লক্ষ্য করা গিয়েছিল। এরপর আড়াই বছর কেটে গেলেও এখনও সিনেমাটির মুক্তির কোনো খবর নেই। না প্রচার, না রিলিজ আপডেট– সবকিছুতেই নীরবতা পালন করছেন নির্মাতারা। ২০২২ সালে ‘চাকদহ এক্সপ্রেস’ ছবির শুটিং করতে কলকাতায় বেশ কয়েক দিন ছিলেন আনুশকা। সেই সময় অভিনেত্রীর সঙ্গে ঝুলনকেও দেখা গেছে। এ সিনেমায় আনুশকার কোচের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য। যার মুখে এবার শোনা গেল সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তার কথা।

বিস্ময় নিয়ে এই অভিনেতা বলেছেন, “আমি নিজেই ঠিক জানি না, কী কারণে ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমার মুক্তি আটকে আছে। শুধু প্রযোজক-পরিচালকের জন্যই নয়, আনুশকার জন্যও সিনেমা মুক্তি পাওয়া অনেক গুরুত্ব বহন করে। আমার দৃষ্টিতে এটি আনুশকার অভিনয় ক্যারিয়ারের সেরা কাজ। অন্য শিল্পীরাও ক্যামেরার সামনে তাদের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছেন। এক কথায় এটি অসাধারণ একটি সিনেমা। সে কারণে আমি নিজেই অধীর অপেক্ষায় আছি এই সিনেমা মুক্তির জন্য। আমি পরিচালক প্রসিত রায়ের বাড়িতে সিনেমার অসম্পূর্ণ ভার্সন দেখেছি। সেটি আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল।”
দিব্যেন্দু এও বলেছেন, ‘আনুশকার অভিনয় দেখে আমি রীতিমতো স্তব্ধ হয়ে গেছি। এটা সম্ভবত ওর ক্যারিয়ারে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স। অথচ দর্শক সেটি দেখার সুযোগ পাবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।’
এদিকে ‘জিরো’-এর পর আনুশকার বলিউড কামব্যাক সিনেমা হওয়ার কথা ছিল ‘চাকদহ এক্সপ্রেস’। কিন্তু তা হচ্ছে কিনা– এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। কারণ, ২০১৮ সালে শাহরুখ খানের সঙ্গে করা ‘জিরো’ সিনেমার পর বহুদিন বড় পর্দায় অনুপস্থিত আনুশকা।
‘চাকদহ এক্সপ্রেস’ তাই ছিল তাঁর প্রত্যাবর্তনের ঝলমলে ঘোষণা। প্রযোজকও ছিলেন অভিনেত্রীর ভাই কর্ণেশ শর্মা। তাঁর প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজের ব্যানারেই সিনেমাটি নির্মিত। সঙ্গে ছিল নেটফ্লিক্স। কিন্তু সবকিছু ঠিক থাকার পর হঠাৎই ঘটে গেছে টেকনিক্যাল বিপত্তি।
২০২৩ সালে ক্লিন স্লেট ও নেটফ্লিক্সের মধ্যে পার্টনারশিপ ভেঙে যায়। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ক্লিন স্লেট ফিল্মজ নাকি নেটফ্লিক্স থেকে সিনেমার স্বত্ব কিনে নিয়ে অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার পরিকল্পনায় রয়েছে। এ বিষয়ে নির্মাতাদের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
- বিষয় :
- আনুশকা শর্মা
