বন্ধু দিবস উপলক্ষে ‘উড়াল’, একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি
‘উড়াল’ সিনেমার একটি দৃশ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৬:২৯ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৬:৫৬
বন্ধু দিবসকে সামনে রেখে গত ১ আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘উড়াল’। ছবিটির গল্প আবর্তিত হয়েছে একদল তরুণের বন্ধুত্ব, উড়ন্তপনা, প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতা-অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে।
আজ বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে দর্শকদের জন্য চলছে বিশেষ অফার ‘বাই ওয়ান গেট ওয়ান’। অর্থাৎ একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি! এই অফার শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের দর্শকরা পাবেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা মাহাফুজ মুন্না।
তিনি জানান, শনিবার থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
মাহাফুজ মুন্না বলেন, ‘ভালো সাড়া পাচ্ছি বলা যায়। দর্শকরা সিনেমাটি দেখে তাদের অনুভূতি প্রকাশ করছেন। বেশিরভাগই সিনেমাটি দেখে ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন, যা আমাদের জন্য আনন্দের।’
অভিনেতা শরীফ সিরাজ প্রযোজিত উড়াল পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। সিনেমাটির মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক করেছে একঝাঁক নবাগত শিল্পী-কলাকুশলী।
সম্রাট প্রামানিকের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় গল্পের শক্তিকে উপজীব্য করে লোক-সংস্কৃতি ও তারুণ্যের উদ্যমকে দেশজ বয়ন কৌশলে চিত্রায়ন করা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুলসহ অনেকে।
মুক্তির প্রথম সপ্তাহে উড়াল চলছে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায়—ঢাকার বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে এবং চট্টগ্রামের বালি আর্কেডে। এ ছাড়াও সিনেমাটি যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’, কেরানীগঞ্জের ‘লায়ন সিনেমাস’ ও উত্তরার ‘ম্যাজিক মুভি থিয়েটার’-এ দেখা যাচ্ছে।
