কণ্ঠ শুনেই পরপর চারটি গান রেকর্ড করিয়েছেন হাবিব : আতিয়া আনিসা
সাক্ষাৎকার
আতিয়া আনিসা। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ১৩:০৫
আতিয়া আনিসা। নন্দিত এই কণ্ঠশিল্পী কনসার্টের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আজ। এদিকে শ্রোতা প্রশংসা কুড়াচ্ছে তাঁর সদ্য প্রকাশিত গান ‘তোর আদরে’। সেসব নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন রাসেল আজাদ বিদ্যুৎ
আজ সকালে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন শুনলাম, তা কত দিনের এই সফর?
ঠিকই শুনেছেন, দুই মাসের সফরে আমেরিকায় [যুক্তরাষ্ট্র] যাচ্ছি আজ। গানের সূত্রে আগেও দেশের বাইরে গিয়েছি, কিন্তু কোনো সফরই এত লম্বা ছিল না। যদিও এটি আমার জন্য অন্যরকম আনন্দের, তারপরও কেমন যেন লাগছে। দেশ, পরিবার, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে এতদিন বিদেশে থাকতে হবে? কীভাবে এত লম্বা সময় কাটবে? এসব প্রশ্ন বারবার ভাবিয়ে তুলছে।
শিল্পীরা বলেন, মঞ্চে উঠার পর গান ছাড়া পৃথিবীর সবকছিুই ভুলে যান তারা। যদি তাই হয়, তাহলে কনসার্টের জন্য বিদেশ সফর নিয়ে এত ভাবনা কেন?
যারা মঞ্চে নিয়মিত পারফর্ম করেন, তাদের জন্য এ কথা শতভাগ সত্যি যে, মঞ্চ তাদের পৃথিবীর সবকিছু ভুলিয়ে দেয়। নিজেও খেয়াল করেছি, মঞ্চে গান গাওয়া শুরুর পর, আমি আর আমার মাঝে থাকি না। দর্শক-শ্রোতার উচ্ছ্বাস-উল্লাস, ‘ওয়ান মোর’ বলে চিৎকার, ভিন্ন ভিন্ন গানের আবদার- সবকিছু মিলেমিশে এক ঘোরের মধ্যে নিয়ে যায়। আমেরিকায় যে কটি শো করব; সেখানেও একই দৃশ্য দেখব বলেই আশা করছি। ভাবনা শুধু কনসার্টের পরের সময়টা নিয়ে। এই শহর থেকে ওই শহর ছুটতে থাকা, প্র্যাকটিস, রিহার্সেল শেষে একা হয়ে যাওয়া, কাছের মানুষদের মিস করা– ভাবনার বলতে এগুলোই। ভবিষ্যতে হয়তো দীর্ঘ বিদেশ সফরে অভ্যস্ত হয়ে যাবে। এখন অন্যরকম লাগছে। কারণ, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগীর জন্য থাইল্যান্ড যাওয়া কিংবা ‘সারেগামাপা’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে ভারত সফর– কোনোটাই এত দীর্ঘ ছিল না।
দেশে আর বিদেশের শোগুলোয় কী পার্থক্য চোখে পড়ে?
এই প্রশ্নের উত্তরটা অগ্রজ সেই শিল্পীরা ভালো বলতে পারবেন; যারা দেশ-বিদেশে অনেক শো করেছেন। গত কয়েক বছরের দেশের নানা প্রান্তে শো করার অভিজ্ঞতা হয়েছে আমার। সে তুলনায় অস্ট্রেলিয়া ছাড়া দেশের বাইরে সেভাবে শো করার হয়ে উঠেনি। সেখানকার অভিজ্ঞতা যদি জানতে চান, তাহলে বলব, অস্ট্রেলিয়া সফরটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকার মতো। সেখানে বাংলা গানের এত অনুরাগীর দেখা মিলবে, কল্পনাও করিনি। কনসার্টের প্রতিটি মুহূর্ত উল্লাস-আনন্দে জমিয়ে রেখেছিলেন তারা।
এবার নতুন গানের কথা বলুন, কেমন সাড়া পাচ্ছেন হাবিব ওয়াহিদের সঙ্গে গাওয়া ‘তোর আদরে’ গানটি নিয়ে?
মাত্র ৩ দিন আগে ‘তোর আদরে’ গানটি প্রকাশ পেয়েছে। শ্রোতাদের প্রতিক্রিয়া বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এর আগে হাবিব ওয়াহিদের সঙ্গে তিনটি দ্বৈত গান গেয়েছি। ‘ঘোর কেটে যায়’, ‘কোন খেয়ালে’, ‘হোক বাড়াবাড়ি’ প্রতিটি গানই শ্রোতা পছন্দ করেছেন। ‘তোর আদরে’ গানটি ভিন্ন ধাঁচের হলেও, অনেকের ছাপ ফেলবে বলেই আমার ধারণা।
ক্যারিয়ারের শুরুতে বলেছিলেন, হাবিব ওয়াহিদের সুর গান গাওয়ার স্বপ্ন লালন করছেন বহুদিন ধরে। এখন সেই হাবিবের সঙ্গে তাঁর সুরের একের পর এক দ্বৈত গান গেয়ে যাচ্ছেন– এ বিষয়টা ভাবতে বসলে কেমন লাগে?
যার গায়কি, সুর, সংগীতায়োজন এত প্রিয়, সেই হাবিব ওয়াহিদের সঙ্গে গাইতে অন্যরকম ভালো লাগার; যা কথা বলে বোঝানো যাবে না। এখন মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন হঠাৎ হাবিব ওয়াহিদের ফোন পেয়েছিলাম। শুধু এটুকু বলেছিলেন, ‘আমার স্টুডিওতে একবার আসতে পারবে? তোমার কণ্ঠ রেকর্ড করতে চাই।’ ব্যাস, কথা এটুকুই। শুনেই ছুটে গিয়েছিলাম। অবাক করা ঘটনাটা ঘটেছে কণ্ঠ রেকর্ড করে দেওয়ার পর। কণ্ঠ শুনেই পরপর চারটি গান রেকর্ড করিয়েছেন হাবিব, তাই আবার মাত্র দুই দিনের ব্যবধানে। আমার কাছে এই অভিজ্ঞতা এখনও স্বপ্নের মতোই মনে হয়।
- বিষয় :
- আতিয়া আনিসা
- সংগীতশিল্পী
