ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাজী নজরুল স্মরণে টিভিতে নানা আয়োজন 

কাজী নজরুল স্মরণে টিভিতে নানা আয়োজন 
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৩:১২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ | ১৩:১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে নানা ধরনের অনুষ্ঠান। যেখানে তুলে ধরা হচ্ছে বিদ্রোহী কবির বিভিন্ন কালজয়ী সৃষ্টি। বিটিভিতে সকাল থেকে শুরু হবে নজরুণ প্রয়াণ দিবসের অনুষ্ঠানমালা। জাতীয় এই সম্প্রচার কেন্দ্রে সকাল ৮টায় ছিল বিশেষ সংগীতানুষ্ঠান। এ আয়োজনে নজরুলের গানে মৃত্যু ভাবনার আলোকে সংগীত পরিবেশন করবেন শিল্পী সুমন মজুমদার, শবনম প্রিয়াংকা, মিরাজুল জান্নাত সোনিয়া, স্বরলিপি, আফসানা রুনা ও পূজন কুমার দাস। এরপর বেলা ১১টায় ছিল ছোটদের অনুষ্ঠান ‘আমাদের দুখু মিয়া’।

 একক এবং দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দুপুর আড়াইটায় বিটিভি প্রচার করবে গীতি নৃত্যানুষ্ঠান ‘বনের বেদে’। তৎকালীন সময়ের বেদে সম্প্রদায়ের জীবন, তাদের সুখ-দুঃখ ও ভালোবাসা নিয়ে রচিত হয়েছে ‘বনের বেদে’র পরিবেশন করবে বাঁশরী শিল্পচর্চা কেন্দ্র। বিকেল সাড়ে ৩টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’। এর উপস্থাপনায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদ। বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে নজরুলের কবিতা নিয়ে আবৃত্তির অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭টায় প্রচার নজরুলের গান, কবিতা, নৃত্য ও আলোচনার মাধ্যমে সাজানো হয়েছে আলেখ্যানুষ্ঠান।

কাজী নজরুল ইসলামের রচিত কালজয়ী নাটক ‘আলেয়া’ প্রচার হবে রাত ৯টায়। ত্রিভুজ প্রেমের জটিলতা ও পরিণতি  গল্প নিয়ে লেখা এই নাটকের নাট্যরূপ দিয়েছেন কাজী আসাদ। প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি, তানজিল হক মাইশা, কবির আহমেদ, এবিএম সোহেল, বিমল ব্যানার্জি, শিউলি, সোমা, মনোয়ার প্রমুখ। 

এছাড়াও রাত ১০টায় প্রচারিত হবে নজরুলের গান নিয়ে দ্বৈত সংগীত অনুষ্ঠান। এতে উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন তানভীর আলম সজিব। অনুষ্ঠানে নজরুলের কালজয়ী গানগুলো পরিবেশনায় থাকছেন নন্দিত কণ্ঠশিল্পী ফাতেমা তুজ-জোহরা, ইয়াসমিন মুস্তারী, ড. নাশিদ কামাল, বিজন চন্দ্র মিস্ত্রি, ইয়াকুব আলী খান, তানভীর সজিব, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, মাহমুদুল হাসান, সুকন্যা, নোশিন লায়লা, মোহিত খান, শারমিন সাথী ইসলাম, রেজওয়ানুল ইসলাম, রওশন আরা সোমা, শহীদ কবির পলাশ, রেবেকা সুলতানা, সঞ্জয় কবিরাজ, ছন্দা চক্রবর্তী ও ইমতিয়াজ আহমেদ খান।

বিটিভির পাশাপাশি চ্যানেল আই জাতীয় কবির সৃষ্টি নিয়ে নির্মিত বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে আজ। বেলা সাড়ে ১১টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’। এতে থাকছে দেশবরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনা ও আবৃত্তি। অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন আমীরুল ইসলাম। এরপর দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’; যার এবারের পর্বটি সাজানো হয়েছে নজরুল-এর চলচ্চিত্রের গান দিয়ে। এ আয়োজন শেষে বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আই প্রচার করবে ইমন-শবনম ফারিয়া জুটির প্রথম টেলিছবি ‘প্রিয় এমন রাত’। বিদোহী কবি রচিত কাহিনি অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করেছেন আলোচিত পরিচালক মুশফিকুর রহমান গুলজার। টেলিছবির পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে কুয়াকাটা এবং ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত শিল্পী ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘মোরা আর জনমে’। 

এ ছাড়াও আগামীকাল নজরুল স্মরণে আগামীকাল রাত ১০টা ১৫ মিনিটে প্রচার করবে মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘নজরুল সাহিত্যে প্রকৃতি’।

এদিকে শিশুদের জনপ্রিয় টিভি চ্যানেলে দুরন্ত টিভি আজ প্রচার করতে যাচ্ছে বিদ্রোহী কবির কালজয়ী সৃষ্টি নির্মিত নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের তাঁর সৃষ্টির মাহাত্ম্য তুলে ধরতেই এ আয়োজন। এতে থাকছে অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় নৃত্য সংগঠন ‘সাধনা’র শিল্পী রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রূপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রায়ের পরিবেশনা। পার্থ প্রতিম হালদার পরিচালিত এ অনুষ্ঠানটি প্রচার হবে বেলা সাড়ে ১১টা ও সন্ধ্যা ৬টায়। এর বাইরেও জাতীয় কবির মহাপ্রয়াণ দিবস উপলক্ষে অন্যান্য চ্যানেলে থাকছে আরও বেশ কিছু আয়োজন।
 

আরও পড়ুন

×