ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‘করণ ক্যারিয়ার গড়ে দিতে পারেন, কিন্তু নষ্ট করেন না’

‘করণ ক্যারিয়ার গড়ে দিতে পারেন, কিন্তু নষ্ট করেন না’
×
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০ | ০৭:০৩ | আপডেট: ২৫ জুলাই ২০২০ | ০৮:৩৫

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে একাধিক পরিচালক, প্রযোজক এবং প্রতিষ্ঠিত অভিনেতার বিরুদ্ধে উঠেছে স্বজনপোষণের অভিযোগ। সবচেয়ে বেশি তোপে পড়তে হয়েছে পরিচালক-প্রযোজক করণ জোহরকে। ইন্ডাস্ট্রির ভিতরে এবং বাইরে সর্বত্রই বার বার বিদ্ধ হয়েছেন তিনি। এমনও অভিযোগ উঠেছে সুশান্তের মৃত্যুর জন্যে দায়ী তিনি।

এইসময়ের প্রতিবেদন বলছে,  এর মধ্যেই করণের পাশে দাঁড়ালেন বলিউডের আরেক পরিচালক অনুরাগ কশ্যপ।সম্প্রতি এক সাক্ষাত্‍কারে তিনি বলেন, বলিউডে তথাকথিত বহিরাগতদের সমান সুযোগ দেওয়ার এই তর্ক ও বিতর্ক ১০ বছর পুরনো। তিনি আরও বলেন, ‘আজকের দিনের যশ রাজ ফিল্মসের সঙ্গে ১০ বছর আগের  ইয়ারেফের -এর অনেক পার্থক্য রয়েছে। আর নবাগতরা যদি যশ রাজ ফিল্মস অথবা ধর্মা প্রোডাকশনস-এর সঙ্গে কাজ করতে উত্‍সাহী হন, তাহলে এক লম্বা লাইনের শেষে দাঁড়াতে হবে। ১০ বছর আগের তুলনায় আজকের দিনে বহিরাগতরা অনেক বেশি কাজের সুযোগ পাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। আরও একটা কথা মাথায় রাখতে হবে। ১০ বছর আগে সোশ্যাল মিডিয়ার এমন রমরমা ছিল না। ফলে তারা প্রচারও পেতেন না ওইভাবে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার সুবাদে একজন বহিরাগতও পেয়ে যান দর্শকের সমর্থন। তিনি বুঝতে পারেন ঠিক কোন জায়গায় অবস্থান করছেন।’

করণ জোহরের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ আসে যে তিনি তারকা সন্তানদের যে ভাবে সুযোগ করে দেন, অন্য কাউকে তা দেন না। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘করণ জোহর কারও ক্যারিয়ার তৈরি করতে পারেন বড় ছবিতে তাকে লঞ্চ করে। একটা কথা মাথায় রাখতে হবে। তিনি শুধুমাত্র একজন পরিচালক নন, ব্যবসায়ীও বটে। ও সেই দিকটাও ভালোই বোঝে। তবে আর যাই হোক করণ কারও ক্যারিয়ার কখনও নষ্ট করতে পারেন না।’ 

উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ এবং করণ জোহর একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। অনুরাগ তার বম্বে লেলভেট ছবিতে অভিনেতা হিসেবে নিয়েছিলেন করণকে। এছাড়াও তারা একসঙ্গে কাজ করেছেন বম্বে টকিস, লাস্ট স্টোরিস এবং ঘোস্ট স্টোরিস-এ।


আরও পড়ুন

×