ঈদে আসছে সাইফ শুভর ‘নষ্ট মানুষ’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ২২:২৬
করোনা ভাইরাসের কারণে অনেকদিন হয় গান প্রকাশ করতে দেখা যায়নি শিল্পীদের। করোনা ভাইরাসের প্রভাব থাকলেও আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে গান প্রকাশে এগিয়ে আসছেন শিল্পীরা। প্রকাশ করছেন নতুন নতুন গান।
সেই ধারাবাহিকতায় এবারের ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল গায়ক সাইফ শুভ।
‘নষ্ট মানুষ’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন হেলাল খান আর সুর এবং সংগীত করেছেন রাজন সাহা।
নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, ‘স্যাড রোমান্টিক ধাচের এই গানটির কথাগুলো বেশ চমৎকার। সুর এবং সঙ্গীতও দারুণ হয়েছে। আসলে ভালো কিছু সৃষ্টির জন্য সময় এবং শ্রমের ব্যবহার অপরিহার্য। তাই কিছুটা সময় নিয়ে আমার প্রিয় শ্রোতাদের নতুন গান উপহার দিচ্ছি। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন।’
অডিওর পাশাপাশি গানটির মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়ছে বলে জানিয়েছেন এ শিল্পী। গানটির মিউজিক ভিডিও নির্মাণে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী।
শুভ জানান, বাংলাদেশ এবং কলকাতার বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। গানটি আসছে ঈদুল আজহা উপলক্ষে স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।