ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভুয়া ভোটার কার্ড নিয়ে বিপাকে তিন দক্ষিণী নায়িকা

ভুয়া ভোটার কার্ড নিয়ে বিপাকে তিন দক্ষিণী নায়িকা
×

তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু, রাকুল প্রীত সিং। কোলাজ সমকাল

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৪:০৫

তেলেঙ্গানার আসন্ন উপনির্বাচনকে ঘিরে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছেন দক্ষিণী চলচ্চিত্রের তিন জনপ্রিয় নায়িকা-সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া ও রাকুল প্রীত সিং। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের নামে তৈরি কয়েকটি ভুয়া ভোটার আইডি কার্ড, যা ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে তেলেঙ্গানার রাজনীতিতে।

ভাইরাল হওয়া ওই কার্ডগুলোতে দেখা যায়, তিনজন নায়িকার নাম, ছবি ও ভোটার নম্বর ভিন্ন হলেও তাদের ঠিকানা একই। বিষয়টি সামনে আসার পর স্থানীয় নির্বাচন কমিশন ও প্রশাসন তদন্তে নামে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে, যা অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।

তদন্ত সূত্রে জানা গেছে, প্রয়াত স্থানীয় বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে প্রার্থী হয়েছেন কংগ্রেসের ভি নবীন যাদব, বিআরএসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা, আর বিজেপির প্রার্থী লঙ্কলা দীপক রেড্ডি। রাজনৈতিক এই উত্তাপের মাঝেই তিন সুপারস্টার নায়িকার নামে ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।

প্রথমে ভারতের ওই প্রদেশের স্থানীয় কয়েকটি অনলাইন পোর্টালে এই ভুয়া ভোটার আইডিগুলোর ছবি প্রকাশ পেলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে ফ্যাক্টচেকিং সংস্থা নিউজমিটার এবং স্থানীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল যাচাই করে জানায়, এসব ভোটার কার্ড সম্পূর্ণ জাল। একাধিক স্ক্রিনশট বিশ্লেষণে দেখা যায়, একই নম্বর তিনজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে, যা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হায়দরাবাদের জেলা নির্বাচন অফিসার নাগরিকদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন, সামাজিক মাধ্যমে অবিশ্বস্ত কোনো তথ্য বা ছবি যেন কেউ শেয়ার না করেন। কারণ এতে নির্বাচনী প্রক্রিয়া বিভ্রান্তিকর হতে পারে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত তিন নায়িকার কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সামান্থা রুথ প্রভু বর্তমানে অভিনয় থেকে সাময়িক বিরতিতে রয়েছেন; স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি কিছুদিন ধরে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। নতুন কি প্রজেক্ট নিয়ে ফিরবেন তার কোনো খবর নেই আপাতত।

অন্যদিকে তামান্না ভাটিয়া ব্যস্ত রয়েছেন বলিউডের দুটি নতুন প্রজেক্টে– একটি রোমান্টিক কমেডি ও অন্যটি দক্ষিণ ভারতের একটি প্যান-ইন্ডিয়া থ্রিলার। রাকুল প্রীত সিং সম্প্রতি শেষ করেছেন ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং, যেখানে তিনি কামাল হাসানের সহ-অভিনেত্রী হিসেবে আছেন। এ ছাড়া একটি স্পোর্টস-ড্রামা সিরিজেও তাঁকে দেখা যাবে বলে জানা গেছে।

চলচ্চিত্র জগতের এই তিন জনপ্রিয় মুখকে ঘিরে এমন বিতর্কে সাধারণ মানুষও বিভ্রান্ত। অনেকেই মনে করছেন, নির্বাচনী রাজনীতিতে আলো টানতেই হয়তো এই জাল ভোটার কার্ড তৈরি করা হয়েছে। যদিও তদন্তকারী সংস্থাগুলোর প্রাথমিক ধারণা, এটি একটি সংগঠিত প্রতারণা চক্রের কাজ।

নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় এই ভুয়া ভোটার কার্ড ইস্যু আরও জটিল হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার রোল ও ডেটাবেসের প্রতিটি তথ্য পুনরায় যাচাই করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধ করা যায়।

আরও পড়ুন

×