ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৮ বছরের অপেক্ষা ফুরাল তানিয়া বৃষ্টির

৮ বছরের অপেক্ষা ফুরাল তানিয়া বৃষ্টির
×

তানিয়া বৃষ্টি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১৯:০৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ | ১৯:১৬

আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে ২০১৫ সালে বড়পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রুপালি পর্দায় খুব একটা সাফল্য পাননি তিনি। পরে ছোটপর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেত্রী। তানিয়ার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘গোয়েন্দাগিরি’ (২০১৯), যদিও এর শুটিং হয়েছিল আরও দুই-তিন বছর আগে।

দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি। তিনি অভিনয় করছেন রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এ।

প্রায়ই দর্শকেরা জানতে চান, কবে আবার তাঁকে সিনেমায় দেখা যাবে। তানিয়া বরাবরই জানিয়েছেন, নাটকের ব্যস্ততার কারণে এখন সিনেমা নিয়ে ভাবছেন না, তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরতে চান। শেষ হলো সেই অপেক্ষা–প্রায় আট বছর পর আবার সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নতুন ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত কিছু জানাতে চান না তানিয়া বৃষ্টি।


তানিয়া বৃষ্টি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত

‘ট্রাইব্যুনাল’ সিনেমার গল্পে কোর্টরুম ড্রামার সঙ্গে যুক্ত হয়েছে ক্রাইম থ্রিলারের উপাদান। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

এ মাসের শুরুতে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং, যা চলবে আরও কিছুদিন। সম্প্রতি পরিচালক রায়হান খান শুটিংয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নতুন এই প্রজেক্টের খবর জানান।

ছবিতে দেখা যায়, একটি টানেলে আদর আজাদ ও মিলন ভট্টাচার্য গভীর আলোচনায় মগ্ন। আদরের ঠোঁটে সিগারেট, মুখে চিন্তার ছাপ; মিলনের হাত রাখা তার কাঁধে, যেন কিছু বোঝাতে চাইছেন।


তানিয়া বৃষ্টি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত

ছবিটির ক্যাপশনে রায়হান খান লিখেন, ‘এটা কোনো পোস্টার নয়, কিন্তু কিছু একটা হচ্ছে। একটি টানেলের আবছা নীরবতায় দুই ব্যক্তি কথা বলছেন; যে আলাপ তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেখানে আদালত নেই, হাতুড়ি নেই, তবু সত্য বিচারাধীন।’

জানা গেছে, ‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পে উঠে এসেছে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতির প্রশ্ন।

পরিচালক জানান, চলতি বছরের মধ্যেই সিনেমার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে এবং আগামী বছরের শুরুতে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

×