মা হওয়ার পর স্বাগতার নতুন উদ্যােগ
জিনাত সানু স্বাগতা। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ২১:৪৯ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ২২:০৩
চলতি বছরের মাঝামাঝি মা হয়েছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। মাতৃত্বের কারণে কয়েক মাস শোবিজ থেকে দূরে থাকলেও থেমে থাকেননি তিনি। অভিনয়ে না ফিরলেও নতুন উদ্যমে পথচলা শুরু করেছেন অন্য পথে—উদ্যোক্তা হিসেবে। তারকাদের ব্যবসায় যুক্ত হওয়ার প্রবণতা এখন আর নতুন নয়। শোবিজ অঙ্গনের অনেক তারকার মতো এবার রেস্টুরেন্ট ব্যবসায় নাম লেখালেন স্বাগতা।
আজ বুধবার রাজধানীর বনানীতে যাত্রা শুরু করলো তার রেস্টুরেন্ট ‘ট্রুগানিক বাই স্বাগতা’। স্বামী ড. হাসান আজাদকে সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। রেস্টুরেন্টটিতে পাওয়া যাবে বিষমুক্ত অর্গানিক খাবার এবং গ্রামবাংলার স্বাদে তৈরি ভাত, মাছ, মাংস, শাকসবজি, বিভিন্ন পানীয় ও মিষ্টান্ন।
স্বাগতার ভাষায়, ‘এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং একটি সৎ উদ্যোগ। খাবারের বিশুদ্ধতা এবং গুণগত মানের সঙ্গে কোনো আপোস করা হবে না।’ তিনি জানান, তাঁর কাছে ব্যবসার লাভের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের নিরাপদ খাবার নিশ্চিত করা।
অনেক প্রতিষ্ঠান অর্গানিক বা বিষমুক্ত খাবারের নামে ভোক্তাদের প্রতারণা করে—এ অভিযোগও তুলেন স্বাগতা। তবে তিনি সেই পথে হাঁটবেন না বলেই জানান। তাঁর নিজস্ব ফার্ম রয়েছে, যেখানে ধানসহ বিভিন্ন শস্য উৎপাদন হয়। পাশাপাশি রয়েছে পশুপাখির খামারও। সেখানকার উৎপাদিত পণ্য দিয়েই পরিচালিত হবে রেস্টুরেন্ট। ফলে কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততা বা মধ্যস্বত্বভোগী নেই।’
স্বাগতার কথায়, ‘আমরা যেহেতু নিজেরাই উৎপাদন করছি, তাই খাবারের দামও তুলনামূলকভাবে কম রাখা সম্ভব হবে।’ রেস্টুরেন্টের পাশাপাশি স্বাগতার নিজ নামে বনানীতে একটি অর্গানিক খাদ্যপণ্যের আউটলেটও রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন জেলা শহরে শাখা খোলার ইচ্ছা আছে বলেও জানান তিনি।
- বিষয় :
- স্বাগতা
- অভিনেত্রী ও মডেল
