এ সপ্তাহে ওটিটি
‘অনুসন্ধান’ ও ‘ব্যাড গার্ল’সহ ৮ সিনেমা-সিরিজ
‘বারামুল্লা, ‘তোমার জন্য মন’-এর পোস্টার ও ‘দ্য হ্যাক’ সিরিজের একটি দৃশ্য। কোলাজ
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৩:৪৫
নতুন নতুন সিনেমা ও সিরিজ প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলো যুক্ত হচ্ছে। চলতি সপ্তাহেও এর ব্যতিক্রম ঘটেনি। এ সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্রে খবর নিয়ে আজকের আয়োজন।
চরকি
৬ নভেম্বর চরকিতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘তোমার জন্য মন’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী ও সমু চৌধুরী। দুই শহরের দুই মানুষ রওনক ও পিউ একই সময়ে কক্সবাজারে যায় এবং সেখানে পরিচয় হয় তাদের। একদিনের ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় নানা ঘটনা, জটিলতায় জড়িয়ে পড়ে দুজনই।
হইচই
৭ নভেম্বর হইচইতে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ‘অনুসন্ধান’। এতে অভিনয়ে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি, সাগ্নিক, সোহিনি সেনগুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়। এক মহিলা জেলে একের পর এক বন্দি নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে। যেখানে কোনো পুরুষের প্রবেশ নিষেধ, সেখানে এমন ঘটনা কীভাবে ঘটল? তদন্তে নামে এক নারী সাংবাদিক, আর সেখানেই গল্প নেয় নাটকীয় মোড়।
নেটফ্লিক্স
৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘বারামুল্লা’। এতে অভিনয় করেছেন নিলোফার হামিদ, মানব কৌল ও কিয়ারা খান্না। কাশ্মীরের প্রেক্ষাপটে নির্মিত সুপার ন্যাচারাল ঘরানার গল্প। এক বালক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হয় এক পুলিশ কর্মকর্তা।
জিও হটস্টার
সদ্য জিও হটস্টারে মুক্তি পেয়েছে সিনেমা ‘ব্যাড গার্ল’। সেপ্টেম্বরে হলে মুক্তি পেলেও বক্স অফিসে সফল হয়নি ছবিটি। তবে এবার ওটিটিতে হিন্দি, মালয়ালম, তেলেগুসহ একাধিক ভাষায় দেখা যাবে। এ ছাড়া বুধবার থেকে দেখা যাচ্ছে মার্ভেল সুপার হিরো ছবি ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ’। এই সপ্তাহে আরও রয়েছে ‘অল’স ফেয়ার’ এক উচ্চাকাঙ্ক্ষী মহিলা আইনজীবীর জীবনের গল্প নিয়ে নির্মিত সিরিজ।
প্রাইম ভিডিও
এই সপ্তাহে প্রাইম ভিডিওতে এসেছে ‘ম্যাক্সটন হল সিজন-টু’। রোমান্স ড্রামা ঘরানার জনপ্রিয় এ সিরিজে নতুন মোড় যুক্ত হয়েছে চরিত্রগুলোর সম্পর্কের জটিলতায়।
লায়নসগেট প্লে
শুক্রবার লায়নসগেট প্লে-এ মুক্তি পেয়েছে ব্রিটিশ ক্রাইম সিরিজ ‘দ্য হ্যাক’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ সিরিজে প্রযুক্তি, সাইবার অপরাধ ও রাজনৈতিক অপরাধের কাহিনি তুলে ধরা হয়েছে।
এমএক্স প্লেয়ার
এমএক্স প্লেয়ারে বুধবার মুক্তি পেয়েছে ক্রাইম ড্রামা ‘ফার্স্ট কপি সিজন টু’। জালিয়াতি ও ভুয়া ব্যবসার টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।
অ্যাপল টিভি প্লাস
শুক্রবার অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘প্লুরাইবাস’ প্রথম দুই পর্ব এক সঙ্গে দেখা যাবে। এর পর প্রতি সপ্তাহে নতুন পর্ব প্রকাশ পাবে।
- বিষয় :
- ওটিটি প্লাটফর্ম
- সিনেমা
- সিরিজ
