ভিনদেশি তিন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ৬৭ বয়সে লাকির উপলব্ধি
লাকি আলি। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৮:০০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১৮:২৯
ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আলি। তিনবার তিন দেশের মেয়েকে বিয়ে করেন তিনি। তিন সংসার মিলে রয়েছে পাঁচ সন্তান। কিন্তু একটি সংসারও শেষ পর্যন্ত টিকে থাকেনি। বর্তমানে একা জীবন পার করছেন ৬৭ বছর বয়সী এই শিল্পী। তবে বিয়ে ভাঙা নিয়ে কোনো আক্ষেপ নেই লাকি আলির।
সম্প্রতি একটি সক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলেছেন লাকি। তিনি বলেন, ‘জীবনের প্রথম সঙ্গী ও শেষ সঙ্গী একই ব্যক্তি হতে হবে- এমন কোনো নিয়ম নেই। আমি তিনবার তিনটি ভিন্ন দেশের নারীকে বিয়ে করেছি। আমার বাবাও ভারতের বাইরের এক নারীকে বিয়ে করেছিলেন।’
বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার। লাকি আলি বলেন, ‘তিন বিয়ে করলেও আমার একটি বিয়েও টেকেনি। কিন্তু আমার সম্পর্কগুলো আজও টিকে আছে। আমরা হয়তো আর একসঙ্গে থাকি না কিন্তু আমরা পরস্পরের পাশে সব সময় আছি।’
১৯৯৬ সালে প্রথম নিউজিল্যান্ডের মডেল মেগান জেন ম্যাকক্লিয়ারিকে বিয়ে করেন লাকি আলি। বিয়ের পর নিজের আইকনিক গান ‘ও সানাম’-এর মিউজিক ভিডিওতে স্ত্রীকে দিয়েই অভিনয় করান তিনি। তাদের দুই সন্তান তাউজ ও তাসমিয়া।
মেগানের সঙ্গে বিচ্ছেদের পর ইরানি বংশোদ্ভূত অনাহিতার সঙ্গে বন্ধুত্ব থেকে নতুন সম্পর্ক গড়ে ওঠে লাকির। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরই অনাহিতাকে বিয়ে করেন তিনি। এ দম্পতিরও দুই সন্তান সারা ও রায়ান।
২০১০ সালে প্রাক্তন ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ হ্যালামকে তৃতীয়বার বিয়ে করেন লাকি আলি। এই সংসারে তাদের এক পুত্রসন্তান দানি মাকসুদ আলি। তবে এই সম্পর্কও টেকেনি। ২০১৭ সালে কেটের সঙ্গেও বিচ্ছেদ ঘটে তার। এরপর আর বিয়ে করেননি তিনি।
তিনবারের বিবাহবিচ্ছেদের পরও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন লাকি আলি। তার ভাষায়, ‘জীবনের প্রতিটি সম্পর্কই কিছু না কিছু শেখায়। ভালোবাসা যদি সত্যি থাকে, সম্পর্ক শেষ হলেও তার বন্ধন ছিন্ন হয় না।’
সন্তানদের প্রতিও দায়িত্ববোধে অটল এই শিল্পী। তার কথায়, ‘আমি সব সময়ই সন্তানদের দায়িত্ব নিই। আমি মনে করি, ভালোবাসা দিয়েই সন্তানদের বড় করা যায়। বাবা-মা যা করেন, সন্তানরাও তা-ই শেখে।’
লাকির মা মধু কুমারীর সঙ্গে একসময় বিচ্ছেদ হয় তার বাবা মেহমুদের। পরে মেহমুদ বিয়ে করেন আমেরিকান নারী ট্রেসিকে। লাকি আলির মা মধু কুমারী ছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বোন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার
- বিষয় :
- সংগীতশিল্পী
- সংগীত
- বিয়ে
- বিবাহ বিচ্ছেদ
