গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যুতে বাকরুদ্ধ রুনা লায়লা
গিটারিস্ট সেলিম হায়দার এবং কণ্ঠশিল্পী রুনা লায়লা। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৫:৩৬
বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম পথিকৃৎ, ‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতিমান গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর প্রিয় সহকর্মীকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন- আজ বাংলাদেশ একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। সেলিম হায়দার গত তিরিশ বছরেরও বেশি সময় আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা প্রায় পুরো পৃথিবী ঘুরেছি, অসংখ্য কনসার্ট করেছি—সংগীতে আমাদের অগণিত স্মৃতি জড়িয়ে আছে।’
রুনা লায়লা আরও লিখেন-তিনি আমার দলের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন। প্রতিটি সুর, প্রতিটি গান তাঁর ছিল মুখস্থ। কাজে ছিলেন অসাধারণ নিবেদিতপ্রাণ। জানতাম তিনি অসুস্থ; নিয়মিত খোঁজ নিতাম। আশা করতাম সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন। কিন্তু হলো না… তাঁকে খুব তাড়াতাড়ি হারালাম। এই শূন্যতা ভাষায় বোঝানো কঠিন।’
মাস খানেক আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। নিয়মিত চিকিৎসা চলছিল। কিছুদিন আগে তিনি বাসায় ফিরলেও হঠাৎ অবনতিশীল শারীরিক অবস্থার কারণে আবার হাসপাতালে নেওয়া হয়, এবং শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি।
আজ বাদ জুমা রাজধানীর হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
গিটারের পাশাপাশি বেস, ড্রামস ও কি-বোর্ডেও সমান দক্ষ ছিলেন সেলিম হায়দার। তাঁর সংগীত পরিচালনায় ‘ফিডব্যাক’-এর জনপ্রিয় গান ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’ আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন।
বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
- বিষয় :
- রুনা লায়লা
