ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২৮ দলের ৩০০ শিল্পীর অংশগ্রহণে শিল্পকলায় উচ্চাঙ্গ গীত-বাদ্য-নৃত্য উৎসব

২৮ দলের ৩০০ শিল্পীর অংশগ্রহণে শিল্পকলায় উচ্চাঙ্গ গীত-বাদ্য-নৃত্য উৎসব
×

ফাইল ছবি

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ১৫:০৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক উচ্চাঙ্গ গীত-বাদ্য-নৃত্য উৎসব ও গুণীজন সম্মাননা ‘মেহফিল-এ-মসিকী’। আরোহী সংগীত নিকেতনের আয়োজনে আজ শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, প্রখ্যাত সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী রেজওয়ান লাভলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন তামান্না রহমান, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াঙ্কা গোপ, প্রখ্যাত সরোদ বাদক উস্তাদ ইউসুফ খান, নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মনিরা পারভীন ও র‌্যাচেল প্রিয়াঙ্কা।

এবারের উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ২৮টি দলের প্রায় ৩০০ শিল্পী দলীয়ভাবে উচ্চাঙ্গসংগীতের কণ্ঠ, যন্ত্র ও নৃত্য পরিবেশন করবেন।

একই সঙ্গে প্রদান করা হবে “আরোহী সংগীত নিকেতন সম্মাননা ২০২৬”। ২০২৬ সালে ‘আরোহী সংগীত নিকেতন সম্মাননা’ পাচ্ছেন গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেনু, প্রখ্যাত সংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আকরামুল ইসলাম, সংগীতজ্ঞ ও গবেষক মুত্তালিব বিশ্বাস, খ্যাতিমান সংগীতশিল্পী খুরশিদ আলম, সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা সরগম-এর কর্ণধার কাজী রওনক হোসেন এবং নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক লুবনা মরিয়ম।

এই সম্মাননা পেয়েছেন ডা. হিরণ্ময় ঘোষাল [২০১৫], উস্তাদ আজাদ রহমান [২০১৬], খালিদ হোসেন [২০১৭], সৈয়দ আব্দুল হাদী [২০১৮], শেখ সাদী খান [২০১৯], নাদিরা বেগম [২০২০], শাহীন সামাদ [২০২১], তিমির নন্দী [২০২২] এবং উস্তাদ ইউসুফ খান [২০২৩]। 

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত আরোহী সংগীত নিকেতন গুরুশিষ্য পরম্পরায় শুদ্ধ সংগীতচর্চার একটি শিক্ষালয় ও সাংস্কৃতিক সংগঠন। শুদ্ধ সংগীত শিক্ষাদান, মিউজিক থেরাপি ও মানবিক ব্যায়ামের পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিত ঋতুভিত্তিক সংগীতানুষ্ঠান আয়োজন করে আসছে। ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজন করা হচ্ছে শীতকালীন উচ্চাঙ্গসংগীত উৎসব ও গুণীজন সম্মাননা ‘মেহফিল-এ-মসিকী’।

আরও পড়ুন

×