৩২ দেশের চলচ্চিত্র নিয়ে বগুড়ায় আজ পর্দা উঠছে চলচ্চিত্র উৎসবের
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ১২:৫৮
ষষ্ঠবারের মত পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে আজ (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র তারুণ্যের উৎসব’ শিরোনামে ৩ দিনব্যাপী উৎসবটি শেষ হবে ১০ জানুয়ারি।
৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র নিয়ে এবারের আয়োজন হচ্ছে বগুড়ার প্রাচীন ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে। বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়া’ প্রতিবারের থেকে এবার একটু আলাদাভাবে আয়োজন করতে যাচ্ছে উৎসবটি।
প্রতিবছর উৎসবটি ফেব্রুয়ারি মাসে হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এবার জানুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে। উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে প্রদান করা হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। আয়োজনে আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।
প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতোমধ্যে গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড। বোর্ডে আছেন দেশ-বিদেশের অভিজ্ঞ নির্মাতা, ফিল্ম স্কলার, সাংবাদিক ও কিউরেটররা। এই তালিকায় আছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর।
আরও আছেন রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি এবং নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী।
চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। মাস্টার ক্লাস নিবেন চলচ্চিত্র নির্মাতা রাজিবুল হোসাইন। তিন দিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। ওপেন ডিসকাসনে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল্লাহ মোহাম্মদ, নির্মাতা অন্তু আজাদ ও নির্মাতা জীবন শাহাদাৎ।
মধুবন সিনেপ্লেক্সে ৮ ও ৯ তারিখে বিকেল তিনটা থেকে এবং ১০ তারিখ সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই সাথে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ ও ৯ তারিখে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকলের জন্য প্রদর্শনী উন্মুক্ত।
এবারের উৎসবে ৬ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী উপস্থিত থাকবেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে ঋত্বিক ঘটককে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হয়েছে বলে জানান আয়োজকবৃন্দ। এছাড়ারও উৎসবে থাকবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি নিয়ে বিশেষ আয়োজন ফটো রিলস।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে সার্বিক সফলতা কামনা করেন।
- বিষয় :
- চলচ্চিত্র উৎসব
