প্রেমের গল্পে নতুনরূপে নাজনীন নীহা
নাজনীন নীহা। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ১১:৪৯
অভিনয় জগতে পা রেখে স্বল্প সময়ে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছেন নাজনীন নীহা। তাই দর্শকপ্রত্যাশা পূরণে তরুণ এই অভিনেত্রী চেষ্টা করে যাচ্ছেন নতুন সব গল্প ও চরিত্র পর্দায় তুল ধরতে। সেই ভাবনা থেকে এবার টিভি নাটকের জন্য বেছে নিয়েছেন ভালোবাসার নতুন এক গল্প; যেখানে দর্শক তাঁকে নতুনরূপে দেখার সুযোগ পাবেন। নীহার নতুন এই নাটকের নাম ‘জনম জনমে’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
এর আগের এই অভিনেতার সঙ্গে ‘অবুঝ পাখি’ ও ‘উইশ কার্ড’ নাটকে জুটি বেধে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন। আরও একবার ইয়াশ-নীহা জুটিকে নিয়ে ভিন্ন আঙ্গিকের গল্প পর্দায় তুলে ধরছেন নির্মাতা তৌফিকুল ইসলাম। নাটকের কাহিনি লিখেছেন রায়হান মাহমুদ।
নাজনীন নীহার কথায়, ভালোবাসার গল্প নিয়েও অনেক নিরীক্ষা চালানো যায়। আবেগ-অনুভূতি কতভাবে, কত ঘটনা প্রকাশিত হয়, তার কিছুটা আভাস পাওয়া যাবে ‘জনম জনমে’ নাটকে। ভালোবাসার গল্প নিয়ে নির্মিত অনেক নাটকেই অভিনয় করার সুযোগ হয়েছে। তারপরও বলবো, সেই সব নাটক থেকে এবারের গল্পটি অনেকটা আলাদা; যা দর্শকমনে দারুণভাবে ছাপ ফেলবে।
অভিনেতা ইয়াশ রোহানের কথায়, সময় বদলায়, মানুষ বদলায়–তবু ভালোবাসা হারায় না। ভালোবাসা চিরন্তর গল্পের মতোই মনের কুঠিরে রয়ে যায়–এই কথাটা আরও একবার দর্শক উপলদ্ধি করার সুযোগ পাবেন, ‘জনম জনমে’ নাটকটি দেখার পর। যারা রোমান্টিক গল্প পছন্দ করেন, এই নাটক তাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস। ‘জনম জনমে’ নাটকটি শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলেও এর নির্মাতা ও কলকুশলীরা জানান।
এদিকে নাজনীন নীহা আরও ভিন্নধাঁচের বেশ কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছর এই অভিনেত্রী ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’, ‘সহযাত্রী’সহ আরও বেশ কিছু নাটকে ভিন্নধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে আলোচনায় ছিলেন। সর্বশেষ ‘অ্যারেঞ্জ ম্যারিজ’ নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন নীহা।
- বিষয় :
- নাজনীন নীহা
