ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধানুশের সঙ্গে বিয়ের প্রশ্নে ম্রুণালের রসিকতা

ধানুশের সঙ্গে বিয়ের প্রশ্নে ম্রুণালের রসিকতা
×

ম্রুণাল ঠাকুর। ছবি: ইন্সটাগ্রাম

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩১

বিয়ের পিঁড়িতে বসার জন্য বিশ্ব ভালোবাসা দিবসের দিনটিকে বেছে নিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আজ ১৪ ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনটিতে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন তারকাজুটি ধানুশ ও ম্রুণাল। তাই বিয়ে নিয়ে যখন প্রশ্ন করতেই অনুরাগীদের সঙ্গে এক রকম রসিকতায় মেতে উঠেছেন অভিনেত্রী।

ভালোবাসা দিবসের আগ মুহূর্তে অনুরাগীদের সম্বোধন করে বলেছেন, ‘আজ গায়ে হলুদ, কাল ‘সংগীত’। আপনারা কিন্তু না খেয়ে কেউ যাবেন না!’ ম্রুণালে এমন রসিতকায় খানিকটা বিস্মিত হয়েছে নেট দুনিয়ার বাসিন্দারা।

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অভিনেতা ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি ম্রুণাল। উল্টো সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে রসিকতায় মেতেছেন এই বলিউড তারকা। সাক্ষাৎকারের শুরুতেই জানিয়েছেন, তাঁর বিয়ের দিনক্ষণ যে ঠিক হয়েছে তা তিনি নিজেই জানেন না। অথচ, চারদিকে কত জল্পনা!

ম্রুণাল ঠাকুর। ছবি: ইন্সটাগ্রাম

তার পরেই তাঁর বক্তব্য, ‘কেবল বিয়ে করতে হবে বলে, কোনো বাঁধনে বাঁধা পড়ার পক্ষপাতি নই।’ তিনি মনে করেন, যখন সঠিক সঙ্গীর দেখা মেলে, সঠিক সময় আসে, নির্বাচিত সঙ্গীর সাহচর্যে সঙ্গিনী স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সঙ্গীর নীরবতাও যখন খারাপ লাগে না, তখনই সম্পর্কে বিয়ের সিলমোহর দেওয়া উচিত।

ম্রুণাল তাই নিজের বিয়ের জল্পনা উপভোগ করছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নিজের বিয়ের গল্প শুনছি আর হাসছি। আজ পর্যন্ত কোনো অনুভূতি লুকিয়ে রাখতে পারিনি। তাই বিয়ের পিঁড়িতে বসলে সে খবরও লুকিয়ে রাখব না। সবাইকে জানাব।’

সম্প্রতি ‘দো দিওয়ানে শহর মে’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন ম্রুণাল ঠাকুর। সিনেমায় তাঁর বিপরীতে আছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। এর মধ্যে ‘দো দিওয়ানে শহর মে’ সিনেমার প্রচারে এই দুটি তারকা একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই আলোচনায় নতুন এই কাজের পাশাপাশি বিয়ের প্রসঙ্গও উঠে এসেছিল। যার জবাবে অভিনেত্রী রসিকতা শুরু করে দিয়েছিলেন।

ম্রুণাল ঠাকুর। ছবি: ইন্সটাগ্রাম

বলেছিলেন, ‘১৪ ফেব্রুয়ারি সবাই যেন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। তাহলেই বিয়ের অনুষ্ঠানটি ভালোভাবে দেখার সুযোগ পাবেন।’

তবে ম্রুণাল যা-ই বলুন না কেন, তাঁর বিয়ের গুঞ্জন ক্রমশই ডালপালা মেলছে। শোনা যাচ্ছে, খুব কাছের মানুষদের নিয়ে নির্দিষ্ট দিনে গোপনে ঘরোয়াভাবে বিয়ে সারবেন ধানুশ-ম্রুণাল। সে প্রসঙ্গেই সম্ভবত তিনি পাত্রীর বাড়ির সামনে সবার অপেক্ষা করার কথা বলেছেন।

আরও পড়ুন

×