অবশেষে বিয়ের ঘোষণা
ভেন্যু-নিরাপত্তা-অতিথি নিয়ে এলো নতুন তথ্য
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:০৪
দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে জল্পনার অবসান ঘটেছে। প্রেম ও বিয়ের গুঞ্জনে দীর্ঘদিন নীরব থাকলেও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তারা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। অর্থাৎ বিয়ে করতে যাচ্ছেন তারা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সব জল্পনা ছাপিয়ে রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের আসর বসছে বিলাসবহুল আইটিসি মেমেন্টোসে, যা উদয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এর আগে সম্ভাব্য ভেন্যু হিসেবে দ্য মেমেন্টোস, র্যাফেলস উদয়পুর এবং ফেয়ারমন্ট উদয়পুরের নাম উঠে এসেছিল তবে শেষ পর্যন্ত বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে আইটিসি মেমেন্টোস।
পাহাড়ঘেরা নিরিবিলি ভেন্যু
আরাবল্লি পর্বতমালার কোলে অবস্থিত এই ভেন্যুটি পুরোপুরি জনচক্ষুর আড়ালে। নিরাপত্তা ও গোপনীয়তার দিক থেকে স্থানটিকে আদর্শ বলেই মনে করা হচ্ছে। হোটেলটিতে রয়েছে ১১৭টি প্রাইভেট ভিলা, পাশাপাশি নদী ও একটি লেক। পুরো এস্টেটটি আরাবল্লির একটি পাহাড়জুড়ে বিস্তৃত। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে হোটেলের নিজস্ব প্রাইভেট হেলিপ্যাড।
বিমানবন্দরে কড়া নিরাপত্তা
বিয়ের প্রস্তুতি শুরুর সঙ্গে সঙ্গেই উদয়পুর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, রাশমিকা ও বিজয় দুজনেই বাণিজ্যিক বিমানে উদয়পুরে পৌঁছাবেন। তাদের সঙ্গে থাকবেন প্রায় ৫০ জন ঘনিষ্ঠ অতিথি। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই অতিথিরা ধীরে ধীরে পৌঁছাতে শুরু করবেন।
তিন দিনের ঘরোয়া অনুষ্ঠান
সূত্রের খবর, এটি হবে অকেবারেই শান্ত ও ব্যক্তিগত তিন দিনের অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথির সংখ্যা রাখা হচ্ছে ১০০ জন বা তার থেকে কিছু বেশি। বড় কোনো চলচ্চিত্র তারকার উপস্থিতি থাকছে না বললেই চলে। তবে তালিকায় রয়েছেন তেলেঙ্গানার কয়েকজন রাজনীতিবিদ ও হাতে গোনা কিছু চলচ্চিত্র পরিচালক।
‘দ্য ওয়েডিং অব বিরোশ’
এরই মধ্যে রাশমিকা ও বিজয় তাদের বিয়ের নামও প্রকাশ করেছেন। নাম রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। ভক্তদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় তারা জানান, ‘বিরোশ’ নামটি বহু বছর আগে তাদের অনুরাগীরাই তৈরি করেছিলেন, দুজনের নাম মিলিয়ে। সেই নামটিকেই তারা তাদের বিয়ের নাম হিসেবে বেছে নিয়েছেন।
বার্তায় তারা লেখেন, “আমাদের প্রিয় মানুষগুলো, আমরা কোনো পরিকল্পনা করার আগেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই, তোমরা আমাদের পাশে ছিলে। ভালোবাসা দিয়ে তোমরাই আমাদের নাম দিয়েছ, ‘বিরোশ’। আজ পূর্ণ হৃদয়ে আমাদের এই মিলনকেও তোমাদের সম্মানেই নাম দিলাম-‘দ্য ওয়েডিং অব বিরোশ’। তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমরা সবসময় আমাদেরই অংশ।”
বিয়ের দিনক্ষণ
সব প্রস্তুতি শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আলোঝলমলে প্রচারের বাইরে, নীরবতা ও গোপনীয়তায় মোড়া এই বিয়েই আপাতত বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত বিষয়। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- বিজয় দেবরাকোন্ডা
- রাশমিকা মান্দানা
