ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গান নিয়ে বিতর্কের জেরে বাদশার পাসপোর্ট বাজেয়াপ্ত

গান নিয়ে বিতর্কের জেরে বাদশার পাসপোর্ট বাজেয়াপ্ত
×

বাদশা। ছবি: গেটি ইমেজেস

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৭:৪৯

গানে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় র‌্যাপার বাদশা। বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে তাতেও থামেনি সমালোচনা। গায়কের বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলে হরিয়ানার মহিলা কমিশন। এবার সরাসরি গায়কের গ্রেপ্তার দাবি তুলেছেন সংস্থাটির সভাপতি রেণু ভাটিয়া।

বাদশার বিরুদ্ধে অভিযোগ, ‘টটিরী’ গানের ভিডিওতে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। সেখানে দেখা যায়, তারা কাঁধের ব্যাগ নামিয়ে গানের তালে নাচতে শুরু করে। সমালোচকদের মতে, এ ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এ ছাড়া গানে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে।

পরে গত ৬ মার্চ বাদশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার মহিলা কমিশনের দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তার। তবে নির্ধারিত দিনে সেখানে উপস্থিত হননি এই র‌্যাপার। এরপরই গায়কের গ্রেপ্তার দাবিতে সরব কমিশন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদশার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে আপাতত তিনি দেশ ছাড়তে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যমকে রেণু ভাটিয়া বলেন, ‘পানিপথের এসপির কাছে অভিযোগ জানিয়েছি, বাদশাকে যেভাবেই হোক গ্রেপ্তার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে গানে হরিয়ানার মেয়েদের অশালীন শব্দ ও ভাষায় অপমান করা হয়েছে সেই গানের বিষয়ে ১৩ মার্চের আগে র‌্যাপারকে মহিলা কমিশনে হাজির হতে বলা হয়েছিল। এ ঘটনায় এফআইআরও দায়ের করা হয়েছে।’

তবে বাদশার আইনজীবী সাংবাদিকদের জানিয়েছেন, সমন পেলেও গায়কের কিছুটা সময় প্রয়োজন।

উল্লেখ্য, বিতর্কিত গানটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবু বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাদশার। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

×